বেঙ্গালুরু: বিশ্ব ক্রিকেটে তিনি ‘কিং কোহলি’। তবে অধরা মাধুরী লাভের তীব্র বাসনাকে সঙ্গী করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এবার বিরাটের প্রবেশ ‘ডন’-এর স্টাইলে। আসলে ট্রফির ক্যাবিনেটে প্রায় সব সাফল্য বন্দি হলেও আইপিএলের মুকুটটাই যে নেই! কেরিয়ারের শেষ পর্বে সেই স্বাদ পেতে রীতিমতো মরিয়া ভিকে। তারই প্রতিচ্ছবি দেখা গেল কোহলির শরীরী ভাষায়।
শনিবার সোশ্যাল মিডিয়ায় আরসিবি’র তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, টিম হোটেলের সামনে মহাতারকার জন্য অপেক্ষা করছেন ফটোগ্রাফাররা। ব্যাকুল অনুরাগীরাও। অবশেষে তাঁর গাড়ি এসে গেটের সামনে দাঁড়ালেও তাতে তিনি ছিলেন না। সবার চোখে ধুলো দিয়ে আগেই হোটেলে পৌঁছে গিয়েছিলেন বিরাট। এরপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁর ডায়ালগ ‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়!’
আক্ষরিক অর্থেই আরসিবি’র আসল ‘ডন’ বিরাট কোহলি। ২০০৮ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। ২৫২ ম্যাচে করেছেন ৮০০৪ রান। আইপিএল ইতিহাসের সর্বাধিক রানসংগ্রাহক দলকে নেতৃত্ব দিয়েছেন ১৪০ ম্যাচে। তাই রজত পাতিদার যতই অধিনায়ক হোক, দলের রিমোট থাকবে কোহলিরই হাতে। এদিন আরসিবি’র স্পোর্টস সামিটে হাজির হয়ে যথেষ্ট ইতিবাচক বার্তা দিলেন তিনি। পাশাপাশি উড়িয়ে দিয়েছেন অবসর নিয়ে যাবতীয় জল্পনাকে। বলেন, ‘টেনশনে পড়ার দরকার নেই। আমি এখানে কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে আসিনি। সবকিছুই ঠিকঠাক রয়েছে। এখনও আগের মতোই ভালোবাসি খেলাটাকে। বিশুদ্ধ আনন্দই আমার প্রেরণা। এটা যতদিন থাকবে, আমি ততদিন খেলব। কোনও রেকর্ডের জন্য আমি খেলিনি। একটাই লক্ষ্য থাকে, দলকে সাফল্য এনে দেওয়া।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন