কলকাতা: আইপিএল বিজ্ঞাপনের টিজারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা যাচ্ছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে। কথায় কথায় ধোনির উদ্দেশে সঞ্জু বলছেন, ‘আইপিএল থেকে আপনি চলে যাওয়ার আগে...।’ তারপর আর কিছু শোনা যায়নি। তবে এই ভিডিও মাহির অবসরের জল্পনায় নতুন করে গতি দিয়েছে। এখানেই শেষ নয়, চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসে ধোনি যে টি-শার্ট পরেছিলেন, তাতে সাংকেতিক ভাষায় একটি বাক্য লেখা ছিল। যার অর্থ দাঁড়ায়, ‘শেষ বারের মতো।’
সবই যেন ধোনির অবসরের ইঙ্গিত। তবে তিনি যে কখন কী সিদ্ধান্ত নেবেন, সেটা তাঁর বাঁ হাতের তালুও টের পায় না। কলকাতার মেয়েকে বিয়ের খবরও ছিল বড় চমক। তাই দস্তানা জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেবেন আচম্বিতেই। আসলে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করা তো সহজ ব্যাপার নয়। এক-দু’বছর অন্য দলে খেলতে হলেও আপাদমস্তক তিনি ‘ইওলো আর্মি’। রাঁচি তাঁর জন্মভূমি হলেও চেন্নাই তাঁকে আপন করে নিয়েছে কালের নিয়মে। সমর্থকদের আদুরে ‘থালা’, যিনি সবার ধোনি।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন এমএসডি। ক্রিকেট বলতে তাঁর কাছে রয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের সুখস্মৃতি এবং হলুদ জার্সি। টুর্নামেন্ট এলেই ধোনির অবসর নিয়ে চর্চা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৩ সালে অনেকেই ভেবেছিলেন, খেতাব জয়ের মঞ্চেই ক্রিকেটকে পাকাপাকিভাবে আলবিদা জানাবেন। কিন্তু জল্পনায় জল ঢেলে পরের মরশুমে অর্থাৎ চব্বিশেও হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মাহি। পঁচিশেও নামবেন। কিন্তু আর কত দিন?
দেওয়াল লিখনটা নিশ্চয় পড়তে পারছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। তাঁর নতুন করে কিছু পাওয়ার নেই। ট্রফি ক্যাবিনেটে পাঁচটা আইপিএল, দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ আরও কত কী। তবুও শরীর না চাইলেও মনের জোরে খেলা চালিয়ে যাচ্ছেন। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইনের মতো ‘যেতে পারি কিন্তু কেন যাব?’।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন