কলকাতা: ২০১৯ সালে অ্যানরিখ নর্তজেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোটের কারণে সেবার একটি ম্যাচেও খেলা হয়নি তরুণ প্রোটিয়া পেসারের। তা সত্ত্বেও পেয়েছিলেন প্রচারের আলো। আর সেটাই তাঁর কেরিয়ারে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এখন অ্যানরিখ নর্তজে বিশ্ব ক্রিকেটে বড় নাম। দক্ষিণ আফ্রিকার এই তারকাকে মেগা নিলামে ৬.৫ কোটি টাকায় ফের দলে নিয়েছে কেকেআর। ইডেনে অনুশীলনের ফাঁকে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
নর্তজে বলছিলেন, ‘কেকেআরই প্রথম আমার পাশে দাঁড়িয়েছিল। তাই এই ফ্র্যাঞ্চাইজির কাছে আমি ঋণী। নাইটদের জার্সিতে সেরাটা মেলে ধরতে মুখিয়ে রয়েছি। দলকে চূড়ান্ত সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।’
গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল মিচেল স্টার্কের। তবে এবার তাঁকে ধরে রাখা হয়নি। তাঁর অভাব ঢাকতে স্পিডস্টার নর্তজেকে দলে টেনেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ১৪৫-১৫০ কিমি গতিতে বল করতে পারেন এই প্রোটিয়া পেসার। এমনকী আইপিএলে ১৫৫ কিমি’র গণ্ডিও একাধিকবার টপকেছেন। বলাই বাহুল্য, গতির বিস্ফোরণই নর্তজের প্রধান অস্ত্র। তবে চোটের কারণে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি তিনি। তাই পুরোপুরি ম্যাচ ফিট হতে কিছুটা সময় প্রয়োজন।
নর্তজের কথায়, ‘জোরকদমে ট্রেনিং চলছে। উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি। নাইট সমর্থকদের উন্মাদনা আমার জানা। অনুশীলনেই তো আমাদের জন্য গলা ফাটাতে অনেক অনুরাগী হাজির হয়। ভরা ইডেনে খেলার অনুভূতিটা স্পেশাল হতে চলেছে। সেই উদ্দীপনা কাজে লাগিয়ে সেরাটা মেলে ধরার চেষ্টা করব।’
নর্তজে ছাড়াও কেকেআরের পেস বিভাগে রয়েছেন স্পেনসার জনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা। গতির হেরফেরে ব্যাটসম্যানকে চমকে দিতে তৈরি আন্দ্রে রাসেলও। তবে ভারতীয় স্পিডস্টার উমরান মালিক ফিটনেস সমস্যায় ছিটকে গেলেন। তাঁর পরিবর্ত হিসেবে ঘোষিত হয়েছে বাঁ-হাতি মিডিয়াম পেসার চেতন সাকারিয়ার নাম। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে কেকেআর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন