কলকাতা: ওবিসি শংসাপত্র বাতিল মামলায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের বিরুদ্ধে আদালতের আদেশ কার্যকর করছে না বলে অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল আদালত। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের আদেশ, রাজ্যের মুখ্যসচিবকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের আদেশ মানা হয়নি। আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
গত বছর ২২ মে রাজ্যের প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাই কোর্ট। উচ্চ আদালতের আদেশ ছিল, ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল। ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাই কোর্টের ওই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালত হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ দেয়নি। এখন রাজ্যের মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় হাই কোর্টে মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই। তার পরও আদালতের আদেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য। অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে। এর পরেই আদালত মুখ্যসচিবকে তলব করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন