সিউড়ি: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানাল সিউড়ি শহর তৃণমূল যুব কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় সিউড়িতে দলীয় কার্যালয়ের সামনে থেকে হাতে মোমবাতি নিয়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে হাঁটেন নেতা-কর্মীরা। পা মিলিয়েছিলেন সিউড়ির বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও। শহরের নানা রাস্তা পরিক্রমা করে ফের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে এদিনের মিছিল শেষ হয়। সেখানে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে বিধায়ক বলেন, দেশে একটি সরকার আছে। সেই সরকারের অনেক দায়িত্ব। নাগরিকদের প্রতি কর্তব্য আছে। যদি সঠিক নিরাপত্তা থাকত তবে জঙ্গিদের সাহস হতো না। সরকারের উচিত তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া। সেইসঙ্গে দেশের নিরাপত্তা বজায় রাখার গুরু দায়িত্ব পালন করুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন