কলকাতা: দেশে এবার সার্বিকভাবেই স্বাভাবিক বর্ষা হবে। এমনই পূর্বাভাস দিয়েছে একটি বেসরকারি আবহাওয়া সংস্থা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এপ্রিল মাসেই বর্ষার প্রথম পর্যায়ের পূর্বাভাসটি প্রকাশ করবে। তার আগে ওই বেসরকারি সংস্থাটি স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিল। দেশে এবার জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে দীর্ঘকালীন গড়ের (এলপিএ) তুলনায় ১০৩ শতাংশ বৃষ্টি হবে বলে ওই সংস্থাটি জানিয়েছে। দীর্ঘকালীন গড়ের তুলনায় ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হলে তা স্বাভাবিক বলে ধরা হয়। সংস্থাটি জানিয়েছে, এবার দক্ষিণ ও পশ্চিম ভারতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। উত্তর-পূর্ব ভারত এবং উত্তর ভারতের পাহাড়ি এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। স্বল্পকালীন লা নিনা পরিস্থিতি ইতিমধ্যে বিদায় নিয়েছে। লা নিনা দেশে বেশি মাত্রায় বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু লা নিনা বিদায় নিলেও বর্ষার সময় এল নিনো পরিস্থিতি তৈরি হবে না বলে আশা করছেন আবহাওয়াবিদরা। ‘এনসো’ পরিস্থিতির মধ্যে বর্ষাকাল কাটবে। এল নিনো পরিস্থিতি তৈরি হলে সেটি বৃষ্টির মাত্রা কমানোর ক্ষেত্রে প্রভাব ফেলত। ভারত মহাসাগরের ডাইপোল পরিস্থিতি দেশে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পক্ষে ইতিবাচক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন