আমেদাবাদ: অধিবেশনে পাশ হয়েছে গুজরাত নিয়ে আলাদা প্রস্তাব। তাই গুজরাত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চেয়েছিল, অধিবেশন শেষে একবার তাদের সঙ্গে বসুন রাহুল গান্ধী। দলকে চাঙ্গা করার দাওয়াই দিন। কিন্তু দলের অধিবেশন শেষ হতেই ছুটির মুডে রাহুল গান্ধী। চলে গেলেন রণথম্বোরে। দলের নেতা কর্মীদের প্রায়ই ‘বব্বর শের’ বলে মানসিকভাবে চাঙ্গা করেন রাহুল। আমেদাবাদ কংগ্রেস অধিবেশনেও সেকথা বলেছিলেন।
এবার নিজে গেলেন বাঘ দেখতে। বুধবার অধিবেশন শেষ হওয়ার পর রাতেই বিশেষ বিমানে রাজস্থানের সোয়াই মাধেপুর পৌঁছন রাহুল। বৃহস্পতিবার সকালে রণথমম্বোর জাতীয় উদ্যানে জিপ সাফারি। দেখেন শাবক সহ দুই বাঘিনী এরোহেড ও ঋদ্দিকে। মায়ের সঙ্গে শাবকের খেলা করার ছবিও মোবাইলে ভিডিও করেছেন রাহুল। রণথম্বর আর সারিষ্কা— রাজস্থানের এই দুই জঙ্গল ভ্রমণ ছিল রাজীব-সোনিয়ার পছন্দের। সঙ্গে নিয়ে যেতেন রাহুল-প্রিয়াঙ্কাকে।
রাজীব ফটোগ্রাফি করতে ভালোবাসতেন। বাবার মতোই রণথম্বর ভ্রমণ রাহুলের নেশা। দলীয় সূত্রে অবশ্য খবর, শীঘ্রই গুজরাতে যেতে পারেন রাহুল। এর আগেই অবশ্য বিদেশ যাবেন। আগামী ১৪ এপ্রিল প্রথমে লন্ডন যেতে পারেন রাহুল। তারপর সেখান থেকে আমেরিকা। বোস্টনে আগামী ২০ এপ্রিল রাহুল গান্ধীর অনুষ্ঠান রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন