নয়াদিল্লি: কথার ফুলঝুরিতে বিশ্বাস করে মাথায় তোলা মোদিই এখন মানুষের রক্ত চুষছেন। রবিবার এমনই মন্তব্য কংগ্রেসের। আগামী ২৪ এপ্রিল বিহারের মধুবনীতে সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই রবিবার বক্সারে সভা করে মোদি এবং বিজেপি সম্পর্কে সতর্ক করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মোদির এক ডজন মিথ্যে প্রতিশ্রুতির তথ্য তুলে ধরে বিহারে ভোট প্রচারের দামামা বাজিয়ে দিলেন। বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতির ভিডিও আইপ্যাডে প্রদর্শন করে খাড়্গে দাগলেন তোপ। কালো টাকা ফেরানো, প্রত্যেকের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা, বছরে দু কোটি চাকরি, পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম কমানো, কৃষকের উপার্জন দ্বিগুণ, সকলের মাথায় ছাদের মতো নানা সময়ে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন। কংগ্রেসের আয়োজনে ‘জয় বাপু, জয় ভীম, জয় সিংবিধান’ শীর্ষক সভায় এদিন মোদিকে ‘ঝুট কি সর্দার’ বলেও কটাক্ষ করলেন খাড়্গে। বললেন, মানুষ মোদির কথায় বিশ্বাস করেছে। মাথায় চড়িয়েছে। আর এখন সেই মোদিই মিথ্যের কারবারি হয়ে মানুষের রক্ত চুষছেন। গরিবের কোনও উপকার করছেন না। মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, কোনও সুরাহা নেই। তাই বলছি জেগে উঠুন। বিহারে মোদি-নীতীশকে পরাস্ত করুন। কংগ্রেস-আরজেডি’র মহাজোটকে সমর্থন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন