নয়াদিল্লি: চাপের মুখে সেরাটা
মেলে ধরতে সবাই পারেন না। অনেকেই ভেঙে পড়েন। এখানেই ব্যতিক্রম মিচেল
স্টার্ক। বুধবার রাতে ফিরোজ শাহ কোটলায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেভাবে
সুপার ওভার ও ডেথ ওভারে বল করেছেন বাঁ-হাতি পেসার, তাতে মুগ্ধ
ক্রিকেটপ্রেমীরা। আর এই তালিকায় প্রথমেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের
ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তিনি বলেছেন, ‘নিখুঁতভাবে রিভার্স সুইং করানো সহজ
নয়। প্রচণ্ড টেনশনের মুহূর্তে যেভাবে স্টার্ক রিভার্স সুইংয়ে তফাত গড়ে
দিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমি শুধু ওকে বলেছিলাম, নিজের
দক্ষতার উপর আস্থা রেখে বল করতে। শুনে স্টার্ক বলেছিল, ডোন্ট ওরি, স্কিপ।
আই উইল ডু ইট। ও কথা রেখেছে।’
শেষ তিন ওভারে রাজস্থানের দরকার ছিল ৩১
রান। ১৮তম ওভারে স্টার্ক দেন ৮ রান। দুরন্ত ইয়র্কারে বোল্ড করেন নীতীশ
রানাকে। শেষ ওভারে ছয় বলে রাজস্থানের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু স্টার্কের
একের পর এক অভ্রান্ত ইয়র্কারে ৮ রানের বেশি তুলতে পারেননি হেটমায়ার ও জুরেল
জুটি। এরপর সুপার ওভারে রাজস্থানকে ১১ রানেই বেঁধে রাখেন অজি তারকা। দু’বল
বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। অক্ষর বলেছেন, ‘স্টার্ক
যেভাবে ইয়র্কার দিচ্ছিল তাতেই বোঝা যায় ও কত বড় বোলার। যথার্থই একজন
কিংবদন্তি। মানসিকভাবেও দারুণ শক্তিশালী।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন