কলকাতা: মদের দোকানের সামনেই বোতল খুলে দেদার মদ্যপান। প্রতিবাদ করলে তিন বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল একদল মদ্যপের বিরুদ্ধে। অভিযুক্ত চার যুবক পলাতক। বুধবার রাতে বেনিয়াপুকুর থানা এলাকার নিউ পার্ক স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। প্রকাশ্য রাস্তায় ভাঙা বোতল দিয়ে আঘাত করা হল দুই যুবককে। একজনকে কোপানো হল ছুরি দিয়ে। আহত তিন যুবকের নাম মহম্মদ তারিক, সাদাব ও বান্টি। তারা তিনজনেই বেনিয়াপুর থানা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে বান্টির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। খুনের চেষ্টার মামলা রুজু করেছে বেনিয়াপুকুর থানার পুলিস।
স্থানীয় সূত্রের খবর,
ব্রাইট স্ট্রিটে একটি মদের দোকান রয়েছে। সেখানেই রাত সাড়ে নটা থেকে দশটা
নাগাদ যায় কয়েকজন যুবক। তাদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত ফারদিন ওরফে
শিস, শোয়েব, ভোলু ও হামজা। দোকান থেকে মদ, বিয়ার কেনেন তারা। দোকান বন্ধ
হয়ে যাওয়ার পর দোকানের সামনেই চলে মদ্যপানের আসর। অভিযোগ প্রকাশ্য
রাস্তায় মদ্যপানের পাশাপাশি চলছিল অশালীন আচরণ। তার প্রতিবাদ করে তাদেরই
বন্ধু তারিক, সাদাব ও বান্টি। তা নিয়ে দু’পক্ষে বচসা বাঁধে। অভিযোগ, সেই
সময়ই ফারদিন আরও কয়েকজন বন্ধুকে ফোন করে সেখানে ডাকে। প্রায় সাত-আট জন
যুবক ঘটনাস্থলে এসে অভিযোগকারী তিনজনের উপর চড়াও হয়।
প্রাথমিকভাবে মৌখিক বিবাদ পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়। স্থানীয়দের দাবি, এরপরেই অভিযুক্তরা ছুরি ও কাঁচের বোতল ভেঙে কোপাতে থাকে তিনজনকে। আক্রান্তদের আর্তনাদ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিস। তিন যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা বলছেন, রাত হলেই ওই এলাকায় মোটর সাইকেল আরোহী একদল যুবকের দাপাদাপি বেড়ে যায় এলাকায়। মাঝেমধ্যেই তারা নানা উৎপাত ঘটায়। পুলিসের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন