লখনউ: চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে ৬ উইকেটে বশ মানিয়েছে ঋষভ পন্থ-ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করে শুভমান গিলদের সংগ্রহ ৬ উইকেটে ১৮০। জবাবে ৩ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট খুইয়ে জয় তুলে নেয় সুপার জায়ান্টস (১৮৬-৪)। ম্যাচের সেরা আইডেন মার্করাম। ৩১ বলে ৫৮ রান করেন প্রোটিয়া ব্যাটার।
মেয়ের অসুস্থতার কারণে শনিবার খেলেননি মিচেল মার্শ। তাই লখনউয়ের রান তাড়া করার সময় মার্করামের সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্থ। তবে ব্যাটিং পজিশন বদলেও বড় রান পেলেন না তিনি। ১৮ বলে ২১ করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার ভারতীয় তারকা উইকেটরক্ষক। তবে তৃতীয় উইকেটে মার্করাম ও নিকোলাস পুরান জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৫৮ রান। তাতেই জয়ের পথ প্রশস্ত হয় লখনউয়ের। প্রশংসা করতে হবে পুরানের। চলতি আসরে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান বাঁ-হাতি ব্যাটার। এদিনও বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে তছনছ করে দিলেন তিনি। ৩৪ বলে তাঁর ৬১ রানের ইনিংস সাজানো ছিল ১টি চার ও ৭টি ছক্কায়। মার্করাম ও পুরান আউট হওয়ার পর দায়িত্ব নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন আয়ূষ বাদোনি (অপরাজিত ২৮)।
শেষ চারটি ম্যাচ জিতে শনিবার একানাতে নেমেছিল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত করেন শুভমান গিল ও সাই সুদর্শন। ওপেনিং জুটিতে ওঠে ১২০ রান। শেষ পর্যন্ত গিলকে (৩৮ বলে ৬০) ফিরিয়ে এই জুটি ভাঙেন আভেশ খান। পরের ওভারেই সুদর্শনকে (৩৭ বলে ৫৬) আউট করেন রবি বিষ্ণোই। তবে এই দু’জন ফিরতেই রানের গতিতে ব্রেক পড়ে গুজরাতের। তিনে নামা জস বাটলারের ব্যাট থেকে ১৬ রানের বেশি আসেনি। ব্যাট হাতে ওয়াশিংটন সুন্দরও (২) চূড়ান্ত ব্যর্থ। শেষদিকে রাদারফোর্ড (২২) ও শাহরুখ খান (১১) চেষ্টা চালালেও দুশোর গণ্ডি টপকাতে ব্যর্থ গুজরাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন