কলকাতা: পশ্চিমী গরম হাওয়া বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করার জেরে বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা (৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস) সবথেকে বেশি ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি বেশি হওয়ায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আরও কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যে কলকাতার কাছাকাছি দমদম এবং বারাকপুর আছে। সেখানে অবশ্য তাপপ্রবাহ পরিস্থিতি হয়নি। আগামী শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার মুর্শিদাবাদের জন্য এই সতর্কবার্তা আছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যত্র তীব্র গরম থাকবে।
আগামী
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণভাবে
স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা
৪০ ডিগ্রিতে পৌঁছলে এবং তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে,
‘তাপপ্রবাহ’ তৈরি হয়েছে বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫
ডিগ্রি বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত হয়। সর্বনিম্ন
তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। তাই রাতের বেলাতে বেশ গরম অনুভূত হচ্ছে।
কলকাতাসহ অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে
রয়েছে। তাপমাত্রা ও আদ্রর্তার ভিত্তিতে যে প্রকৃত গরমের অনুভূতি নির্ধারিত
হয়, তার সর্বোচ্চ মাত্রা আরও বেশি থাকছে। ওই নিরিখে কলকাতায় প্রকৃত গরমের
অনুভূতি ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন