স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, রাজ্যে থাকা পাক নাগরিকদের ফেরত পাঠানোর তোড়জোড় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, রাজ্যে থাকা পাক নাগরিকদের ফেরত পাঠানোর তোড়জোড়

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, রাজ্যে থাকা পাক নাগরিকদের ফেরত পাঠানোর তোড়জোড়

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ, পাকিস্তানিদের ভিসা বাতিল করে যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। তারপরই রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকরা কোথায় রয়েছেন, সেই তথ্য জোগাড়ের কাজ শুরু করে দিল সিকিউরিটি কন্ট্রোল অফিস (এসসিও)। সেই সঙ্গে ‘লং টার্ম ভিসা’ নিয়ে যে ৬৭ জন পাকিস্তানি নাগরিক রাজ্যে রয়েছেন, তাঁদের গতিবিধি ও কাজকর্ম নিয়ে খোঁজখবর শুরু হয়েছে বলে খবর। তাঁরা কার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পাক সেনা বা আইএসআইয়ের সঙ্গে সংযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা চলছে।


চিকিৎসা বা ভ্রমণের জন্য বহু পাকিস্তানি নাগরিক স্বল্প মেয়াদের ভিসা নিয়ে রাজ্যে এসেছেন। ভিসা নিয়ে ঢোকার পর বিভিন্ন জায়গায় ঘর বা হোটেল ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তাঁদের অবস্থান পুলিসকে জানানো বাধ্যতামূলক। পহেলগাঁও-কাণ্ডের পর আরপিও’র তরফে একটি তালিকা কলকাতা পুলিসের  সিকিউরিটি কন্ট্রোলের কাছে পাঠানো হয়েছে। তাতে ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট নম্বর থেকে শুরু করে যাবতীয় তথ্য রয়েছে। ওই তালিকা ধরেই তাঁদের খোঁজার কাজ শুরু করেছে এসসিও। যে কারণ দেখিয়ে তাঁরা ভারতে আসার ভিসা পেয়েছিলেন, সেই কাজই তাঁরা করছেন নাকি অন্য কোনও ‘কাজ’ সারছেন এই সুযোগে, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসসিও-কে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট পাকিস্তানিদের ‘ব্যাকগ্রাউন্ড’ পরীক্ষা করতে হবে। এই পাক নাগরিকদের কোনও বিশেষ ‘টাস্ক’ দিয়ে ভারতে পাঠানো হয়েছিল কি না, তা খুঁজে বার করতে উদ্যোগী হয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা আসার পর পাকিস্তানি নাগরিকদের থাকার জায়গাগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। দু’-একদিনের মধ্যেই তাঁদের নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তাঁরা আর এদেশে থাকতে পারবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন