কলকাতা: বিপণনকে ঢেলে সাজতে মাদার ডেয়ারি কলকাতা ‘বাংলার ডেয়ারি’তে রূপান্তরিত হয়েছে আগেই। এবার তার পণ্যসম্ভার বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আওতায় থাকা এই সংস্থা চলতি গ্রীষ্মেই বাজারে আনছে সুগন্ধী দুধ। তালিকায় থাকছে চকোলেট, কফি, আম ও অন্যান্য সুবাস। আসছে একাধিক মিল্ক শেক। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার বলেন, ডানকুনিতে আমাদের যে কারখানা রয়েছে, সেটির বহর বাড়িয়ে নতুন পণ্যগুলি তৈরির উদ্যোগ শুরু হয়েছে। প্যাকেজিং সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হলেই আমরা বাজারে নতুন পণ্য আনব। চলতি গ্রীষ্মের বাজার ধরাই আপাতত আমাদের পাখির চোখ। সেই লক্ষ্যেই আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় বাজারে আসছে বাংলার ডেয়ারির লস্যি। এরপর আসবে সুগন্ধি দইও। নতুন পণ্যগুলি যেমন এই সংস্থার ৫৮২টি আউটলেট থেকে বিক্রি হবে, তেমনই এলাকাভিত্তিক দোকান বা স্টোরেও মিলবে। এমডি’র কথায়, বাজার চলতি একাধিক সংস্থার যে পণ্যগুলি আছে, প্রতিযোগিতার বাজার ধরতে তাদের চেয়ে কম দামেই ক্রেতারা পাবেন নতুন পণ্য। বর্তমানে যেগুলি বাংলার ডেয়ারির আওতায় মেলে, সেগুলির দামও কম, দাবি তাঁর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন