শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, আজ থেকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, আজ থেকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা

শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, আজ থেকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা

ভাটিকান সিটি: শনিবার সম্পন্ন হবে প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। মঙ্গলবার একথা ঘোষণা করেছে ভাটিকান কর্তৃপক্ষ। এদিন ভাটিকানের সিনোড হলে পোপের শেষকৃত্য নিয়ে আলোচনায় বসেন কার্ডিনালরা। সেখানেই ঠিক করা হয়, শনিবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ সেন্ট পিটার্স স্কোয়্যারে এই অনুষ্ঠান হবে। পৌরহিত্য করবেন কলেজ অব কার্ডিনালসের ডিন কার্ডিনাল গিওভান্নি বাতিস্তা রে। 


দীর্ঘ রোগভোগের পর সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ নাগাদ প্রয়াত হন পোপ ফ্রান্সিস। এর একদিন আগে রবিবার ইস্টার সানডে উপলক্ষ্যে ভক্তদের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন। প্রকাশ্যে পোপকে দেখে আশ্বস্ত হয়েছিলেন অসংখ্য ভক্ত। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাথলিক গির্জার প্রধান। মঙ্গলবার খোলা কফিনে শায়িত পোপের বেশ কিছু ছবি প্রকাশ করে ভাটিকান। আজ, বুধবার পোপের দেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে আসা হবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় সমাধিস্থ করা হবে। বিদেশ সফরের আগে ও পরে এখানেই প্রার্থনা করতেন বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ।

 ২৩ মার্চ গেমেলি হাসপাতাল থেকে ফেরার সময়ও ব্যাসিলিকার সামনে দাঁড়িয়ে ভার্জিন মেরির উদ্দেশে ফুল পাঠিয়েছিলেন ফ্রান্সিস। ১২ এপ্রিল শেষবারের মতো ব্যাসিলিকায় প্রার্থনার জন্য এসেছিলেন। প্রয়াত পোপের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য থাকা সত্ত্বেও তাঁর শেষকৃত্যে সস্ত্রীক হাজির থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাটিকান সূত্রে খবর, উপস্থিত থাকতে পারেন আর্জেন্তিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি প্রমুখ। পোপের বিদেহী আত্মার উদ্দেশে প্রার্থনা করবেন কার্ডিনাল, ফাদার, বিশপ, আর্চবিশপরা।  শেষকৃত্যের পর ন’দিন আনুষ্ঠানিকভাবে শোকপালন করা হবে। সাধারণত পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে তাঁর উত্তরসূরি বেছে নিতে শুরু হয় ‘কনক্লেভ’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন