নয়াদিল্লি: সংখ্যালঘু, বিশেষত মুসলিম ভোট নিয়ে অত্যধিক মাতামাতির দরকার নেই। যেটুকু পাওয়া যাবে, তাই যথেষ্ট। বরং হিন্দু ভোটের হার আরও অন্তত পাঁচ থেকে সাত শতাংশ পর্যপ্ত বৃদ্ধির চেষ্টা করুন। বিজেপির রাজ্য পার্টির জন্য এমনই নির্দেশিকা পাঠিয়েছে সঙ্ঘ পরিবার। আগামী বছরই বাংলার গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। রাজ্যে বেহাল সংগঠন নিয়ে বিধ্বস্ত বিজেপি যেনতেনপ্রকারেণ ভোট শতাংশ বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির উদ্দেশে সঙ্ঘ পরিবারের এহেন নির্দেশিকাকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের শীর্ষ সূত্রের খবর, এই আবহেই বাংলার বিজেপি নেতৃত্বের কাছ থেকে সাম্প্রতিক রামনবমী কর্মসূচির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় পার্টি। প্রধানত গত রবিবারের ওই কর্মসূচিতে বাংলায় হিন্দু ভোটারদের মধ্যে কতটা সাড়া পড়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ পর্যালোচনা বৈঠকের কথাও ভাবছে গেরুয়া শিবির।
বিজেপির কেন্দ্রীয় পার্টিকে দলের রাজ্য নেতারা ইতিমধ্যেই জানিয়েছেন যে, ছোটবড় মিলিয়ে দু’হাজারেরও বেশি রামনবমী কর্মসূচি পালন হয়েছে বাংলায়। তাতে হিন্দু ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে। যদিও রাজ্য বিজেপি নেতাদের দাবিতেই ভরসা না রেখে পৃথকভাবে সবটা খতিয়ে দেখতে তৎপর হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দলের অন্দরে ব্যাখ্যা, ২০২১ সালের নির্বাচনে বাংলায় প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। যদি তা অক্ষুণ্ণ রেখে হিন্দু ভোট আরও পাঁচ শতাংশ বাড়িয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে গেরুয়া শিবির কিছুটা সন্তোষজনক অবস্থানে থাকতে পারে। তবে তা আদৌ সম্ভব কি না, সেই ব্যাপারে বিজেপি শিবির ধন্দেই রয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, যতই চেষ্টা করা হোক না, সংখ্যালঘুরা ঢেলে দলকে ভোট দেবেন, এমন হবে না। তাই বাস্তব মেনে নিয়ে আমাদের হিন্দু ভোটের দিকেই দৃষ্টি ফেরাতে হবে। সঙ্ঘ পরিবার প্রধানত সেটিই বলতে চেয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন