নয়াদিল্লি: মোদি পরবর্তী বিজেপির প্রধানমন্ত্রী কি অমিত শাহ? দল ও সরকারের মধ্যে ক্রমেই এই তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই জল্পনা আরও উস্কে দিয়েছেন। বিজেপি সংগঠন তো বটেই কেন্দ্রীয় সরকারের অন্দরেও অমিত শাহর ছায়া যেভাবে ছেয়ে যাচ্ছে, তাতে এই ধারণা মোটেও অমূলক নয়। জানা গিয়েছে, সরকারের অন্য মন্ত্রীরাও এখন অমিত শাহের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। যে কোনও বৃহৎ নীতি ও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি অমিত শাহের থেকেও পরামর্শ চাওয়া হয়। অমিত শাহও সম্প্রতি সরকারের অন্দরে অনেক বেশি সময় ব্যয় করছেন। প্রায় নিয়ম করে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সরকারের প্রকল্প নিয়ে তিনি কথা বলেন। সেই রিপোর্ট তিনি প্রধানমন্ত্রীকেও জানান।
অমিত শাহ যে মোদির দক্ষিণ হস্ত, সেটি গোপন নয়। কিন্তু এখন তা আরও বেশি করে প্রকাশ্যে এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর কাছে অমিত শাহ হলেন রোল মডেল। তিনি অমিত শাহের মতোই নেতা হতে চান। কারণ অমিত শাহ যে রকম সাহসী সিদ্ধন্ত গ্রহণ করেন এবং নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। সেরকম নেতাই রাজনীতি ও সরকারের আদর্শ। রেখা গুপ্তা বলেছেন, আমার কাছে মোদিজি এক সন্ন্যাসী। সব কিছুর ঊর্ধ্বে। তবে আমি যদি কাউকে অনুসরণ করতে চাই তিনি হলেন অমিত শাহ। রেখা গুপ্তার এই মন্তব্য কি নিছকই তাৎক্ষণিক? দলের অন্দরে কিন্তু আলোচনা চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন