ওয়াশিংটন: ভিসা দেওয়া নিয়ে আরও কড়াকড়ি শুরু করল আমেরিকা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত দপ্তর জানিয়েছে, এইচ-১বি ও চাকরি সংক্রান্ত অন্য ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দিতে হবে। তার সঙ্গে দিতে হবে বাড়ির বিস্তারিত ঠিকানাও। নির্দেশিকা মেনে অভিবাসন আধিকারিকরা এইচ-১বি ভিসা পাওয়ার জন্য রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফএ) চাইতে শুরু করেছেন। এতদিন আবেদনকারীকে ভিসা পাওয়ার জন্য কোনও বায়োমেট্রিক তথ্য দিতে হতো না। এই নির্দেশ সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। বায়োমেট্রিক তথ্য কী কাজে ব্যবহার করা হবে, তা নিয়ে আমেরিকার অন্দরেই প্রশ্ন উঠছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার ক্ষেত্রে অভিবাসন নীতিতে কড়াকড়ি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। পড়ুয়াদেরও ছাড় দেওয়া হয়নি। তুচ্ছ কারণে সতর্কবার্তা না পাঠিয়েই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়ার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয়দের মধ্যে এইচ-১বি ভিসার জনপ্রিয়তা রয়েছে। বহু ভারতীয় এই ভিসার সাহায্যে মার্কিন মুলুকে চাকরি করেন। এই ভিসা দেওয়া নিয়ে আগেই কড়াকড়ি শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। এবার আরও শর্ত চাপাল তারা। আইনজীবীরাও এই সিদ্ধান্তে বিস্মিত। তাঁদের মতে, ভিসা পাওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য এতদিন প্রয়োজন পড়েনি। এই তথ্য কাজে যাতে ব্যবহার করা না হয়, তার জন্য গোপনীয়তা সংক্রান্ত মার্কিন আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন