প্রবীণদের জন্মদিন পালন-বধূবরণ-বিবাহবার্ষিকী, ডাক পড়ছে মহিলা পুরোহিতদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

প্রবীণদের জন্মদিন পালন-বধূবরণ-বিবাহবার্ষিকী, ডাক পড়ছে মহিলা পুরোহিতদের

 



কলকাতা: ‘বয়স একটা সংখ্যা মাত্র’— আপাতদৃষ্টিতে সহজ-সরল এই আপ্তবাক্যটাই চলমান জীবনের পথে বদলে দিচ্ছে অনুষ্ঠানের ছক। চেনা গণ্ডির বাইরে আসছে নতুনত্বের ছোঁয়া। যেখানে দীর্ঘ জীবন আর সুস্থতা কামনা করে প্রবীণ মানুষদের ঘটা করে জন্মদিন পালন নতুন সংযোজন হয়েছে। এই অনুষ্ঠান করার জন্য প্রচুর আবেদন আসছে মহিলা পুরোহিতদের কাছে। এটাও দেখা গিয়েছে, ২৫ আর ৫০ বছরের বিবাহবার্ষিকী এবং বধূবরণ পালনের ঝোঁকও বাড়ছে।

এটা বলার অপেক্ষা রাখে না সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মহিলা পুরোহিতরা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর মুখে ওঁ উচ্চারণ দিগন্ত সৃষ্টি করেছে। যে সূত্রে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে মহিলা পুরোহিতদের ডাক পড়ছে। এই তালিকায় বিয়ের অনুষ্ঠান তো রয়েছেই। তাছাড়া অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, চণ্ডীপাঠ, একাধিক পুজো-পার্বণের জন্যও আবেদন আসছে মহিলা পুরোহিতদের কাছে। পয়লা বৈশাখের পুজোর অনুষ্ঠানের জন্য মহিলা পুরোহিতদের চাইছে বিভিন্ন ক্লাব-প্রতিষ্ঠান। আগামী বিয়ের মরসুমেও ঠাসা অনুষ্ঠান কর্মসূচি রয়েছে তাঁদের। সাধারণ মানুষদের কাছ থেকে যে সমস্ত আবেদন আসছে, তাতে চারটি ক্ষেত্রের অনুষ্ঠানের উপর ঝোঁক। 

মূলত বাড়ির প্রবীণ মানুষদের জন্মদিন পালনের উপর জোর দিচ্ছেন পরিবারের সদস্যরা। তাতে ৯০ বছরের ব্যক্তিরও জন্মদিন পালন হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। সমাজিক পরিসরে ইদানীং সময় এটা দেখা যাচ্ছে, বাবা-মায়ের জন্মদিনে অনুষ্ঠান করছেন সন্তানরা। সেখানে শুধুমাত্র কেক কেটে খাওয়া-দাওয়া হচ্ছে না। তার সঙ্গে যে প্রবীণ মানুষটির জন্মদিন পালন হচ্ছে, তাঁর সুস্থতা প্রার্থনাও করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই নতুন স্ক্রিপ্ট তৈরি করেছে শুভমস্তু নামক মহিলা পুরোহিতদের সংস্থা। নন্দিনী ভৌমিকের কথায়, প্রবীণ মানুষদের জন্মদিনের অনুষ্ঠানকে অভিনব করে তোলা হচ্ছে। তিনি যাতে আরও ভালো থাকেন, সুদীর্ঘ-সুন্দর জীবন কাটাতে পারেন, সেই প্রার্থনা করে একটি স্ক্রিপ্ট করা হয়েছে। যেহেতু আমাদের কাছে সাধারণ মানুষদের কাছ থেকে প্রচুর আবেদন আসছিল তার পরিপ্রেক্ষিতেই প্রবীণ মানুষদের জন্মদিন সংক্রান্ত অনুষ্ঠানের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

এছাড়াও ইদানীং সময়কালে এটা দেখা যাচ্ছে, বধূবরণ অনুষ্ঠান করতে চাইছেন অনেকে। পাত্রী শ্বশুরবাড়িতে আসার পর সেখানে তাঁকে সম্মান জানিয়ে সাদরে গ্রহণ করে নিতে বধূবরণ অনুষ্ঠান হচ্ছে। এমনকী বিয়ের মতো পুরো অনুষ্ঠান হচ্ছে মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর। এছাড়া ২৫ আর ৫০ বছরের বিবাহবার্ষিকী পালন নয়া ট্রেন্ড হয়েছে এই সময়। তার জন্যও মহিলা পুরোহিতদের কাছে অনুষ্ঠান করার জন্য ডাক পড়ছে। এই সংক্রান্ত নতুন স্ক্রিপ্ট তৈরি করেছেন নন্দিনী ভৌমিকেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন