কাবুল: হত্যা মামলায় দোষী সাব্যস্ত চারজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। তাদের গুলি করে সাজা কার্যকর হয়েছে। আফগানিস্তানে তালিবান প্রশাসনের এহেন ‘শাস্তি’র প্রতিবাদে মুখর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। সমালোচনা করেছে রাষ্ট্রসঙ্ঘও। আফগান সরকারের এই নিয়ে অবশ্য কোনও হেলদোল নেই।
বরং এর পক্ষেই সওয়াল করে রবিবার বিবৃতি দিয়েছেন তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এক্স হ্যান্ডলে অডিও বার্তায় তিনি বলেন, ‘আফগানিস্তানে আমরা সম্পূর্ণভাবে ইসলামের নীতি আদর্শ অনুসরণ করাতে চাইছি। ইসলামের অর্থ কেবলমাত্র কিছু আচার আচরণ পালন নয়। ঐশ্বরিক নির্দেশ পালনের মধ্যেই ইসলাম নিহিত রয়েছে।’ দক্ষিণ কান্দাহার প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে জাবিউল্লাহ বলেন, ইসলামের কোনও নির্দেশ পালনে খামতি রাখবে না তালিবান সরকার।
গত শুক্রবার খুনের মামলায় চারজন দোষীকে দু’টি খেলার মাঠে গুলি করে শাস্তি দেওয়া হয়। ২০২১ সালে দ্বিতীয় তালিবান শাসন কায়েমের পর এভাবে একইদিনে চারজন দোষীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এই প্রথম। সবমিলিয়ে এখনও পর্যন্ত দশজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন