হায়দরাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘রিটেইন’ করেনি। নিলামেও ঝাঁপায়নি নেওয়ার জন্য। বাদ পড়েছেন একদিনের ক্রিকেটে ভারতীয় স্কোয়াড থেকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের ১৫ জনেও ঠাঁই হয়নি তাঁর। সেই হতাশা আর রাগই আইপিএলে উগরে দিচ্ছেন মহম্মদ সিরাজ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৭ রানে চার উইকেট নিয়ে তফাত গড়ে দেন তিনি।
বড় হওয়ার, বেড়ে ওঠার মাঠে গুজরাত টাইটান্সের হয়ে ম্যাচ-জেতানো পারফরম্যান্সের পর সিরাজ বলেন, ‘হোম গ্রাউন্ডে খেলার মজাই আলাদা। আমার পরিবারও ছিল গ্যালারিতে। সেটাই উদ্দীপ্ত করেছিল। ফিটনেস ও বোলিংয়ে উন্নতির জন্য খেটেছি। ভুলগুলো শুধরে নিয়েছি।’ তাঁর কথায়, ‘জাতীয় দল থেকে বাদ পড়া, আরসিবি’তে না থাকার মতো ব্যাপারগুলো সংশয়ের জন্ম দিয়েছিল। কিছুতেই হজম করতে পারছিলাম না ব্যাপারটা। অনিশ্চয়তাও ঘিরে ধরেছিল আমাকে। কেন বাদ, বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল, তাহলে কি আমি দলে আসার মতো যোগ্য নই? কিন্তু আইপিএলের উজাড় করে দেওয়ার কথা ভেবে তা ঝেড়ে ফেলেছি।’
সিরাজের প্রশংসায় উচ্ছ্বসিত শুনিয়েছে টাইটান্স অধিনায়ক শুভমান গিলকে। তিনি বলেছেন, ‘সিরাজ যে এনার্জি নিয়ে বল করেছে তা ভাবা যায় না। আর বোলাররাই কিন্তু এই ফরম্যাটে ম্যাচ জেতায়।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন