কলকাতা: সম্প্রতি গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের অন্ত নেই। কিন্তু আরও একটি সমস্যায় নাজেহাল হচ্ছেন গ্যাসের ডিস্ট্রিবিউটররা। তাঁদের অভিযোগ, গ্রাহকদের একাংশ বলছেন, যেদিন গ্যাসের দামবৃদ্ধির ঘোষণা হয়েছে, তাঁরা তার আগেই গ্যাস বুকিং করেছেন। অথচ তাঁরা যখন সিলিন্ডার কিনছেন, তখন ৫০ টাকা বেশি দর দিতে হচ্ছে। তা কেন হবে, এই প্রশ্ন করছেন তাঁরা। তা নিয়ে রীতিমতো বচসাও হচ্ছে ডেলিভারি ম্যানদের সঙ্গে। গ্যাসের দাম বাড়লে, প্রতিবারই এই সমস্যা হয় বলে জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা।
নিয়ম হল, বুকিং যবেই হোক না কেন, গ্যাসের ডেলিভারি যখন হয়, সেই সময় সিলিন্ডারের যে দর থাকে, তা মেটাতে হয় গ্রাহককে। কিন্তু অনেকেই এই বিষয়ে ওয়াকিবহাল না-হওয়ায় সমস্যা হয়। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, ডেলিভারির আগে তাঁদের কাছে যে ‘ইনভয়েস’ জেনারেট হয় বা রসিদ তৈরি হয়, গ্যাসের দাম বাড়লে বা কমলে, তা স্বয়ংক্রিয়ভাবেই ক্যানসেল বা বাতিল হয়ে যায়। ফের নতুন ইনভয়েস তৈরি হয়, যা পান গ্রাহক। দেখা যায়, যখন সিলিন্ডারের দাম কমে, তখন গ্রাহকদের তরফে কোনও অভিযোগ আসে না। কিন্তু দাম বাড়লেই সমস্যা হয়। এখন বহু গ্রাহক অনলাইনে সিলিন্ডার বুকিংয়ের সঙ্গেই পেমেন্টও করে দেন। কিন্তু যদি ডেলিভারির সময় দাম বেড়ে থাকে, তাহলে তাঁদের বাড়তি দাম নগদে চোকাতে হয় ডেলিভারি ম্যানকে। কেন তা দিতে হবে, তা নিয়ে বচসার অবকাশ তৈরি হয়। অথচ অনলাইনে আগে থেকে পেমেন্ট করার পর যখন দাম কমে, তখন ডেলিভারি ম্যান নগদে বাড়তি টাকা ফেরত দেন। সেক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন