নয়াদিল্লি: কাউকে রেয়াত করা হবে না! পহেলগাঁওতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হত্যালীলার পরে ঘোষণা করেছিল দিল্লি। আর ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে ঘুম উড়েছে পাকিস্তানের। পড়শি দেশের সঙ্গে সম্মুখ সমরে এঁটে উঠতে পারা যে সম্ভব নয়, তা বিলক্ষণ জানেন পাক সেনাকর্তারা। তাই মুখে যতই তর্জনগর্জন করুন, পরিবারের সদস্যদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন তাঁরা। যুদ্ধের কোনও আঁচ যাতে গায়ে না লাগে, তাই আগেভাগেই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন পাক সেনার শীর্ষ কর্তারা। সেই তালিকায় রয়েছেন স্বয়ং পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিম মুনিরও! অথচ পহেলগাঁও হামলার দিনকয়েক আগে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন মুনির। নতুন করে উস্কে দিয়েছিলেন দ্বিজাতি তত্ত্ব। পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে, এমন দাবিও শোনা গিয়েছিল পাক সেনাপ্রধানের মুখে। যদিও ভারত আগ্রাসী মনোভাব নিতেই আর নিজের সেনার উপর ভরসা রাখতে পারেননি। সূত্রের খবর, পরিজনের আশ্রয়ের জন্য মূলত ব্রিটেন ও আমেরিকাকে বেছে নিয়েছেন পাক সেনাকর্তারা। একটি সূত্রের খবর, মুনির ও অন্য সেনাকর্তারা তাঁদের পরিবারের সদস্যদের লন্ডন ও আমেরিকার নিউ জার্সিতে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি যাতে গোপন থাকে, তার জন্য সাধারণ বিমানের বদলে ব্যবহার করা হয়েছে প্রাইভেট জেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন