নয়াদিল্লি: হায়দরাবাদ ক্রিকেট
সংস্থার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মহম্মদ আজহারউদ্দিন।
প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের গুরুতর অভিযোগ রয়েছে।
তা নিয়েই বিতর্কের সূত্রপাত। উল্লেখ্য, চারমিনারের শহরে রাজীব গান্ধী
আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি স্ট্যান্ড রয়েছে আজহারের নামে। সম্প্রতি সেই
স্ট্যান্ড থেকে প্রাক্তন ক্রিকেটারের নাম মুছে ফেলার নির্দেশ দেন
অবসরপ্রাপ্ত বিচারপতি ঈশ্বরাইয়া। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার
তথা অ্যাম্বুডসম্যানও তিনি। আসলে আজহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে লর্ডস
ক্রিকেট ক্লাব। যাবতীয় নথি খতিয়ে দেখেই এরপর সিদ্ধান্ত নেন ঈশ্বরাইয়া।
জানা
গিয়েছে, স্ট্যান্ডের নামকরণের সময় আজহার ছিলেন সংস্থার সভাপতি। প্রভাব
খাটানোর অভিযোগ ওঠে আজ্জুর বিরুদ্ধে। এর বিরুদ্ধেই সরব হয় লর্ডস ক্লাব।
আজহার অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর মন্তব্য, ‘দশ বছর দেশের
অধিনায়কত্ব করেছি। এত নীচে নামা আমার পক্ষে সম্ভব নয়। এসবই চক্রান্ত।
প্রয়োজনে আদালত পর্যন্ত ওদের টেনে নিয়ে যাব।’ বোঝাই যাচ্ছে, এত সহজে শেষ
দাঁড়ি পড়বে না এই বিতর্কে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন