নয়াদিল্লি: আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজারে’ প্রকাশিত একটি নিবন্ধ ঘিরে এবার শোরগোল তুঙ্গে। ৩ এপ্রিল প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়, ভারতে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি জমি রয়েছে ক্যাথলিক চার্চের হাতে। তাদের হাতে থাকা জমির মোট পরিমাণ ওয়াকফ বোর্ডের থেকেও বেশি। ‘অর্গানাইজার’ এই নিবন্ধটি অনলাইন থেকে সরিয়ে নিলেও শনিবার এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রেক্ষিতে এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আগেই বলেছিলাম ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যে অন্য সম্প্রদায়গুলিকেও নিশানা বানানো হবে, তার নজির তৈরি হচ্ছে। নজর খ্রিস্টানদের দিকে ঘোরাতে খুব বেশি সময় নিল না আরএসএস। এধরনের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে আমাদের একমাত্র ঢাল হল সংবিধান। সংবিধানকে রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।’ নিজের পোস্টের সঙ্গে ‘অর্গানাইজারে’র ওই নিবন্ধ সংক্রান্ত একটি মিডিয়া রিপোর্টও জুড়ে দিয়েছেন রাহুল।
সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে ক্যাথলিক বিশপ কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই), কেরল ক্যাথলিক বিশপ কাউন্সিল (কেসিবিসি) ও খ্রিস্টান সম্প্রদায়ের সাংসদদের কাছে সমর্থনের আর্জি জানিয়েছিল বিজেপি। কেরলের মুনাম্বামে খ্রিস্টান পরিবারগুলিকে ওয়াকফ বোর্ড ভিটেছাড়া করছে, এই অভিযোগে সমর্থনের ওই আর্জি জানিয়েছিল মোদি-অমিত শাহের দল। রাহুল গান্ধীর অভিযোগ, ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই এবার খ্রিস্টান সম্প্রদায়কে নিশানা বানাতে চাইছে বিজেপি। বর্তমানে সরিয়ে নেওয়া ‘অর্গানাইজারে’র ওই নিবন্ধই তার প্রমাণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন