আমেদাবাদ: সারা দেশ থেকে ১ হাজার ৮৯৪ নেতাকে একজোট করে আজ থেকে গুজরাতের আমেদাবাদে বসছে এআইসিসি অধিবেশন। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসছেন ৮৭ জন। আগামী কাল পর্যন্ত চলবে অধিবেশন। দুদিন ব্যাপী এই অধিবেশনে ঠিক হবে কোন পথে মজবুত হবে সংগঠন। চলতি বছর বিহার ছাড়া অন্য কোথাও ভোট নেই। তাই নির্বাচনের কাজে দলের ব্যস্ততা অনেকটাই কম। সেই কারণেই চলতি ২০২৫ সালকে কংগ্রেস বেছে নিয়েছে সংগঠন মজবুত করার কাজে। কীভাবে হবে তা, তারই মন্থন হবে।
একইসঙ্গে অধিবেশনস্থল হিসেবে গুজরাতকে বেছে নেওয়ার অন্যতম কারণ, মোদি-শাহকে বার্তা দেওয়া। ৬৪ বছর পর ফের আমেদাবাদে বসছে এআইসিসি অধিবেশন। গুজরাতে ভোট ২০২৭ সালে। দলের অন্যতম মুখপাত্র পবন খেরা বলেন, চলতি বছর মহাত্মা গান্ধীর কংগ্রেস সভাপতি পদের শতবর্ষ। আবার বল্লভভাই প্যাটেলের জন্ম সার্ধশতবর্ষ। গুজরাত মোদি-অমিত শাহর নয়। গুজরাত গান্ধী-প্যাটেলের। সেটি মনে করিয়ে দিতেই অধিবেশনস্থল আমেদাবাদ। দলের বিভিন্ন রাজ্য নেতৃত্ব সোমবারই আমেদাবাদে আসতে শুরু করেছেন। তবে সোনিয়া গান্ধী, রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে আজ মঙ্গলবার বিশেষ বিমানে পৌঁছবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। দলীয় সূত্রে সেরকমই জানা গিয়েছে।
সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তজার্তিক বিমান বন্দর থেকে অধিবেশনস্থল পর্যন্ত রাস্তার দু ধারে লাগানো হয়েছে হোর্ডিং, ব্যানার। এমনকী প্রিয়াঙ্কার ছবিকে কোথাও কোথাও ‘ঘিবলি’র আকারেও লাগানো হয়েছে। অধিবেশন বসছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল মেমোরিয়ালে। আজ আলোচনায় বসবে বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা। যার মধ্যে বাংলা থেকে রয়েছেন অধীররঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দীপা দাশমুন্সি। আগামী কাল সবরমতী নদীর তটে হবে মূল অধিবেশন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন