শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সঙ্গে বুধবার দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বজনহারাদের সান্ত্বনা দিতে দেখা যায়। বেশ কিছুক্ষণ ধরে তাঁদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। হামলায় যুক্ত জঙ্গিদের যাতের কড়া শাস্তির ব্যবস্থা করা হয়, সেই আবেদন শাহের কাছে করেন স্বজনহারারা।
এদিন শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজে হামলায় মৃতদের ময়নাতদন্ত হয়। এরপর তাঁদের দেহ কফিনে করে পুলিস কন্ট্রোল রুম চত্বরে রাখা হয়। সেখানে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহ। পরে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পহেলগাঁও জঙ্গি হামলায় মৃতদের শেষ শ্রদ্ধা জানিয়েছি। সন্ত্রাসবাদের সামনে ভারত কোনওদিন ঝুঁকবে না। এই নৃশংস সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্তদের কেউ রেহাই পাবে না।’ এদিন সেনার কপ্টারে করে তিনি ঘটনাস্থল বৈসরণে যান। সঙ্গে ছিলেন সেনা আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ঘটনাস্থল ঘুরে দেখেন শাহ। জঙ্গিরা কোন পথে এসেছিল ও কীভাবে হামলা চালিয়ে পালিয়ে গিয়েছে, সেই বিষয়ে শাহকে জানান সেনা আধিকারিকরা। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর মেলার পরেই শ্রীনগর রওনা দিয়েছিলেন শাহ। সেখানে পৌঁছে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা ও পুলিসের ডিজির সঙ্গে বৈঠক করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন