অযোধ্যা: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা থেকে কোনও ডিভিডেন্ড পায়নি বিজেপি। তবে অযোধ্যায় সেই অনুষ্ঠানের জৌলুস চোখ ধাঁধিয়ে দিয়েছিল। ঘটনার পর এক বছর অতিক্রান্ত। এবার আরও এক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে অযোধ্যায়। ভগবান রামের রাজ্যাভিষেক অনুষ্ঠান। চলতি মাসেই রামমন্দিরের দোতলায় রাম দরবার চালু হবে। এরপর মে মাসে ভগবান রামের রাজ্যাভিষেক অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর। তবে এই অনুষ্ঠান কিছুটা অনাড়ম্বরভাবেই করতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির নির্মাণের দিক দিয়ে দেখলে এই অনুষ্ঠানের আলাদা তাৎপর্য রয়েছে। পাঁচ বছর ধরে রামমন্দির তৈরি হচ্ছে। রামের রাজা হিসেবে অভিষেকের মাধ্যমেই এই নির্মাণে ইতি টানতে চাইছে মন্দির কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রর নেতৃত্বাধীন কমিটিই রয়েছে রামমন্দির নির্মাণের দায়িত্বে। সম্প্রতি তিনি জানিয়েছেন, মন্দির নির্মাণের কাজ চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বছর শেষের আগেই মন্দির চত্বরের কাজ সম্পূর্ণ হবে। জানা যাচ্ছে, সাদা মাকরানা মার্বেল পাথরে সেজে উঠবে রাম দরবার। জয়পুরে বিশিষ্ট ভাস্কর প্রশান্ত পান্ডের নেতৃত্বে ২০ জন এই কাজ করে চলেছেন। রামচরিত মানসের স্রষ্টা সন্ত তুলসীদাসের বিরাট একটি মূর্তি বসানো হবে রামমন্দির চত্বরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন