বারাকপুর: বাংলায় পথ দুর্ঘটনা অনেক কমেছে। আগে হতো বছরে ১৭ হাজারের বেশি। এখন কমে তা দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার। মৃতের সংখ্যা বছরে ৭ থেকে কমে ৬ হাজার হয়েছে। পথ দুর্ঘটনায় ১১তম স্থানে বাংলা। পথ দুর্ঘটনার তালিকায় অনেক উপরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। বারাকপুরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
ওইসঙ্গে তিনি জানান, আমাদের কাছে একটি দুর্ঘটনাও কাম্য নয়। আমরা কারও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি চাই না। দুর্ঘটনা আরও কমাতে স্পিড ম্যানেজমেন্ট পলিসি চালু হচ্ছে। এটা বাংলায় প্রথম। কোথায় কী গতিতে গাড়ি চলবে, তার উল্লেখসহ একটি বিজ্ঞপ্তি জারি করছেন মুখ্যসচিব। আমাদের এখানে রাস্তা ঝাঁচকচকে হয়ে গিয়েছে। তাই গাড়ি চলাচল করছে দ্রুত গতিতেই। তবে জনবহুল এলাকায় দুর্ঘটনা কমাতে গতির নিয়ন্ত্রণও চাই। এজন্য স্পিড ম্যানেজমেন্ট পলিসির পাইলট প্রজেক্ট হিসেবে প্রথম ইএম বাইপাসকে বাছা হয়েছে। কাজটি করবে আইআইটি, খড়্গপুর। ভারত বিখ্যাত এই প্রতিষ্ঠানকে ‘নলেজ পার্টনার’ করেছে পরিবহণ দপ্তর। উদ্যোগটি ইএম বাইপাসে সফল হলে রাজ্যের অন্যান্য সড়কেও তা চালু হবে।
২০১৬ সালের ১৮ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু করেন। তারপর থেকে রাজ্যে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে। দুর্ঘটনা কমাতে জনসচেতনতা জরুরি। শুক্রবার বারাকপুরে এই ধরনের একটি সচেতনতা শিবিরের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন