নয়াদিল্লি: সুপ্রিম রায়ে আপাতত স্বস্তিতে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে ‘টেন্টেড’ নয়, এমন চাকরিহারাদের স্কুলে যেতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রাজ্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে এবং ৩১ মে-র মধ্যে এ সংক্রান্ত হলফনামা জমা দিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, একসঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এই শঙ্কা জানিয়ে সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনে সাড়া দিয়েই এদিন নয়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তিনি জানান, শুধুমাত্র ‘যোগ্য’ শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে শিক্ষাকর্মীদের জন্য নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, আদালতের এই নির্দেশের পর রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবাল জানান, ৩১ মে-র মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং নতুন নিয়োগ শেষ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন