ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের
সম্পর্কের উত্তেজনা দেড় হাজার বছরের পুরনো। ইতিহাস ভুলিয়ে দেওয়ার মতো
এমনই আজব এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর
বক্তব্য, ‘আমি ভারত ও পাকিস্তান— দুই দেশেরই ঘনিষ্ঠ।’ পহেলগাঁও হামলার আবহে
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ইউজারের সরস
মন্তব্য, ১৯৪৭ সালের আগে পাকিস্তানের অস্তিত্ব কোথায় পেলেন মার্কিন
প্রেসিডেন্ট! অন্য একজনের আবার বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি ঢাকঢোল
পিটিয়ে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের জানান দেন। আর ট্রাম্প বলছেন তিনি ভারত ও
পাকিস্তান উভয়েরই কাছের মানুষ।
পহেলগাঁও হামলার প্রেক্ষিতে শুক্রবার
নিজের এয়ারফোর্স ওয়ান বিমানে কাশ্মীর ইস্যুতে প্রতিক্রিয়া দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের তাজ্জব মন্তব্য, হাজার বছর, সম্ভবত তারও বেশি সময়
ধরে কাশ্মীর ইস্যু চলছে। আমি ভারতের খুবই ঘনিষ্ঠ, পাকিস্তানেরও। আর ওরা তো
হাজার বছর ধরে কাশ্মীরে লড়াই করে চলেছে। ওখানে দেড় হাজার বছর ধরে সীমান্তে
উত্তেজনা রয়েছে। পরিস্থিতি একই আছে। আমি নিশ্চিত ওরা সমস্যার সমাধান করে
ফেলতে পারবে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে। তবে তা নতুন
কিছু নয়। ঘটনাচক্রে, পহেলগাঁয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পরপরই
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। সন্ত্রাসবাদের
নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন। তারই মধ্যে কাশ্মীর ইস্যু
নিয়ে ট্রাম্পের এই অদ্ভুত মন্তব্যে তাজ্জব আসমুদ্রহিমাচল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন