শ্রীনগর: পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভূস্বর্গে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার উধমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। এদিনের অভিযানে এক জওয়ান শহিদ হয়েছেন বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।
বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে
এদিন উধমপুরের বসন্তগড়ে অভিযানে নামে জম্মু-কাশ্মীর পুলিস ও সেনার যৌথ
বাহিনী। বিপদ বুঝে বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে
জঙ্গিরা। জওয়ানরা পাল্টা গুলি চালালে দু’তরফে তুমুল গুলির লড়াই শুরু হয়ে
যায়। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে,
এদিনের সংঘর্ষে এক জওয়ান জখম হন। দ্রুত তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়।
কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও জখম জওয়ানকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ খবর
পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছিল।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ
উপত্যকায় অন্তত পাঁচজন পাকিস্তানি জঙ্গি ও দুই কাশ্মীরি হামলা চালিয়েছে বলে
জানা গিয়েছে। বুধবারই উপত্যকায় পৌঁছে গিয়েছে এনআইএ টিম। হামলাকারী হিসেবে
তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ২০ লক্ষের
পুরস্কারও। ওই তিন জঙ্গির নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহা।
অপারেশনে অবশ্য ব্যবহার করা হয়েছে ‘কোড নেম’—মুসা, ইউনুস ও আসিফ। তিনজনই
অতীতে পুঞ্চে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত ছিল বলে তদন্তকারীদের অনুমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন