কলকাতা: আমেরিকা ও চীনের শুল্ক-যুদ্ধ চলছে। তার কারণে লাখ টাকার দোরগোড়ায় পৌঁছে গেল সোনা। মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার সোনার খুচরো মূল্য প্রকাশিত হয়নি দিল্লিতে। বুধবার রাজধানীতে যে দর গিয়েছিল, তার চেয়ে শুক্রবার এক লাফে ১০ গ্রাম পিছু ৬ হাজার ২৫০ টাকা বেড়েছে হলুদ ধাতুর দাম। এদিন সেখানে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর গিয়েছে ৯৬ হাজার ৪৫০ টাকা। যাঁরা সোনা কিনবেন, তাঁদের এর উপর আরও ৩ শতাংশ হারে জিএসটি মেটাতে হবে। সেক্ষেত্রে ১০ গ্রাম পিছু সোনার দাম হবে ৯৯ হাজার ৩৪৪ টাকা। কলকাতায় দাম লাখ টাকার কাছাকাছি না পৌঁছলেও, তার অনেকটাই কাছাকাছি পৌঁছেছে দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, শুক্রবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৯৪ হাজার ১৫০ টাকা।
একদিনের তফাতে দাম বেড়েছে দু’হাজার টাকার বেশি। এর সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি যোগ করলে দাম দাঁড়াবে ৯৬ হাজার ৯৭৫ টাকা। সোনার দরের এই সর্বকালীন রেকর্ড চিন্তায় রাখছে ক্রেতাদের। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে দেশীয় বাজারে সোনার চাহিদা বেড়েছে। তার জেরে যেমন সাময়িকভাবে কিছুটা দাম বেড়েছে, তেমনই দামবৃদ্ধির মূল কাণ্ডারী আন্তর্জাতিক পরিস্থিতি। বিশেষজ্ঞদের কথায়, আমেরিকা যেভাবে চীনের উপর শুল্কের বোঝা বাড়িয়েছে, তা আন্তর্জাতিক স্তরে লগ্নিকারীদের স্বস্তি দিচ্ছে না। সেই কারণেই তুলনামূলক নির্ভরযোগ্য বিনিয়োগে হিসেবে তাঁরা লগ্নি করছেন সোনায়। তার ফলেই সোনার চাহিদা বাড়ছে। তাই দাম বাড়ছে সোনার। মার্কিন শুল্কনীতির ধাক্কায় অস্থির বাজার, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা এবং ভূরাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সোনার দামকে আপাতত অস্থিরই রাখবে। অনুমান বিশেষজ্ঞদের। সামনেই বিয়ের মরশুম। সব মিলিয়ে সোনার দাম যে ক্রেতাকে চিন্তায় রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন