ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করল বাংলাদেশ পুলিস। পুলিসের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-র ওই আবেদনে বলা হয়েছে, হাসিনা ও অন্য ১১ জন মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারকে উত্খাতের জন্য ষড়যন্ত্র করেছেন। তাঁরা গৃহযুদ্ধ শুরু করতে চাইছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। হাসিনা ছাড়াও তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারির আবেদন করা হয়েছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় পুলিসকে এই নোটিস জারির আবেদন করার জন্য বলেছিল। সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করা হল।
বাংলাদেশ পুলিসের অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর জেনারেল (মিডিয়া)
এনামুল হক জানিয়েছেন, তদন্ত চালিয়ে অভিযোগগুলির বিষয়ে সত্যতা পাওয়া
গিয়েছে। তারপরই আন্তর্জাতিক পুলিস সংস্থার কাছে রেড কর্নার নোটিসের আবেদন
করা হয়েছে। উল্লেখ্য, কোনও অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে খুঁজে বের
করে আটক করা এবং ওই অপরাধীকে নিজের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য রেড কর্নার
নোটিস জারি করা হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা।
তাঁর উপর চাপ বৃদ্ধি করতেই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারপোলের সাহায্য নিতে
চাইছে। রাজনৈতিক মহলের মতে, গত কয়েকদিনে আওয়ামি লিগের নেতা-কর্মীরা
বাংলাদেশের বিভিন্ন শহরে ঝটিকা মিছিল করছেন। পুলিস ধরপাকড় করেও মিছিল
থামাতে পারেনি। তাতেই সিঁদুরে মেঘ দেখছে ইউনুস সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন