নেতা ধোনির প্রভাব অনেক বেশি: সৌরভ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নেতা ধোনির প্রভাব অনেক বেশি: সৌরভ

 


কলকাতা: বুড়ো হাড়ে আইপিএল মঞ্চে ভেল্কি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও চাপের মুখে চার-ছক্কা হাঁকাচ্ছেন অনায়াসে। তা দেখে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি। মাহিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘২০০৫ সালের ধোনির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। মাহির বয়স এখন ৪৩। তবে ও এখনও ভালো ফর্মে। অনায়াসেই চার-ছক্কা হাঁকাচ্ছে। জানি না, আর কতদিন খেলবে। সেটা স্রেফ ও জানে। তবে চেন্নাইয়ের হয়ে যতদিনই খেলুক, ওর উচিত ক্যাপ্টেন্সি করা। কারণ, আমরা জানি, নেতা ধোনির প্রভাব কত বিশাল। পাঁচবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছে। এই কঠিন মুহূর্তে সত্যিই ওকে নেতৃত্বে প্রয়োজন।’ উল্লেখ্য, সৌরভ এই বক্তব্য রাখার কিছুক্ষণ পরেই চেন্নাই সুপার কিংস এক্স হ্যান্ডলে জানায়, চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে বাকি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন মাহি। 


এদিকে, আইপিএলে হোম অ্যাডভান্টেজ না পাওয়া নিয়ে অসন্তোষ বাড়ছে কেকেআর শিবিরে। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হারার পর অজিঙ্কা রাহানে সাংবাদিক সম্মেলনে ইডেনের কিউরেটর সুজন মুখার্জিকে ঘুরিয়ে তোপ দেগেছিলেন। পছন্দের পিচ না পাওয়া নিয়েই মূলত ক্ষোভ রাহানের। এই প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পিচ বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করব না। তবে সব দলেরই হোম অ্যাডভান্টেজ দাবি করার অধিকার রয়েছে। কিন্তু সেটা মানা হবে কী হবে না, তা নির্ভর করে ব্যক্তি বিশেষে।’ 

সৌরভের এই মন্তব্য কীসের ইঙ্গিত? তিনি কি কিউরেটর সুজন মুখার্জির একগুঁয়েমি সিদ্ধান্তে অখুশি। সেটা অবশ্য জানা যায়নি। তবে কেকেআরের টিম ম্যানেজমেন্টেকে সৌরভ বার্তা দিতে ভোলেননি। তাঁর কথায়, ‘গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জেতা উচিত ছিল নাইটদের। আমি মনে করি, রিঙ্কু সিংকে আরও একটু উপরের দিকে নামালে ভালো হতো।’ ডি’ককের উপরও আস্থা রেখেছেন মহারাজ। তাঁর কথায়, ‘সবে তো পাঁচ ম্যাচ হয়েছে। এখনও ন’টা খেলা বাকি। ডি’কক একটা ম্যাচে দলকে জিতিয়েছে। এত তাড়াতাড়ি আস্থা হারালে চলবে না।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন