ঢাকা ও লন্ডন: ‘আগুন নিয়ে খেললে, সেই আগুনে আপনিও পুড়ে যাবেন।’ বাংলা নববর্ষে এই সুরেই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার আওয়ামি লিগের ফেসবুক পেজে আট মিনিট ভার্চুয়াল বক্তৃতা দেন তিনি। সেখানে তিনি অভিযোগ করেন, ইউনুস ক্ষমতার লোভে বিদেশি শক্তিদের সঙ্গে হাত মিলিয়েছেন। আর সেই লোভের আগুনে গোটা দেশ জ্বলছে। হাসিনার অভিযোগ, ইউনুস দুর্নীতির মাধ্যমে যে টাকা উপার্জন করেছেন, সেই টাকা রক্ষার জন্য প্রশাসনকে ব্যবহার করছেন। একইসঙ্গে ইউনুসকে ‘আত্মকেন্দ্রিক’, ‘অর্থলোভী’ ও ‘সুদখোর হাঙর’ বলেও আক্রমণ করেন হাসিনা।
হাসিনা বলেন, ‘ইউনুস বাংলাদেশের
সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা
যুদ্ধে আওয়ামি লিগের ভূমিকা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামি নেতাদের
বিরুদ্ধে খুনের মামলা করা হচ্ছে। আর যারা পুলিসকে পিটিয়ে মারছে, তাদের ছেড়ে
দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধারাও অপমান থেকে রক্ষা পাচ্ছে না।’ বাংলাদেশের
আর্থিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা
বলেন, গত আগস্টের পর থেকে কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আওয়ামি লিগ
নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে। হোটেল, হাসপাতাল-সব ধ্বংস করে দেওয়া
হয়েছে।
গত বছর হাসিনা বিরোধী আন্দোলনে আবু সইদ নামে এক ছাত্রের মৃত্যু
হয়। ছাত্র আন্দোলনের কার্যত ‘প্রতীক’ হয়ে গিয়েছিলেন সইদ। রাষ্ট্রসঙ্ঘও পরে
রিপোর্ট দেয়, সইদকে ইচ্ছাকৃতভাবে বিচারবহির্ভূতভাবে খুন করেছিল পুলিস। এই
বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা। তাঁর দাবি, আবু সইদকে লক্ষ্য করে
পুলিস রাবার বুলেট ছুড়েছিল। আন্দোলনরত ছাত্ররা পাথর ছোড়ার সময় একটি পাথর
সইদের মাথায় লাগে। তাতেই তাঁর মৃত্যু হয়। সইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক
পরীক্ষার দাবিও জানিয়েছেন হাসিনা। তিনি বা আওয়ামি লিগ বা পুলিস কেউই
ছাত্রদের উপর হামলায় জড়িত নয় বলেও দাবি তাঁর।
এদিকে, সোমবার বাংলাদেশে
পালিত হয়েছে পয়লা বৈশাখ। রীতি মেনে এবারও ঢাকার রাস্তায় শোভাযাত্রা বের হয়।
পেঁচা, ইলিশ, পালকির মতো বাঙালি ঐতিহ্যের মোটিফ ও প্রতিকৃতির পাশাপাশি
এবারের শোভাযাত্রায় ছিল ‘ফ্যাসিবাদ’ বিরোধী বিভিন্ন প্রতিকৃতিও। মৌলবাদীদের
হুঁশিয়ারিতে শোভাযাত্রার নাম বদলে যাওয়ায় এবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল
কম। রবিবার চট্টগ্রামে মৌলবাদীরা বর্ষবরণের মঞ্চে ভাঙচুর চালায়। যার জেরে
আজ শেখানে নববর্ষের যাবতীয় অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন