উদ্দাম গতিতে গাড়ি ছুটিয়ে ইনস্টাগ্রাম রিল, মা ফ্লাইওভারে দুর্ঘটনায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

উদ্দাম গতিতে গাড়ি ছুটিয়ে ইনস্টাগ্রাম রিল, মা ফ্লাইওভারে দুর্ঘটনায়

 


কলকাতা: স্পিডোমিটারে ৭০ কিমি। গাড়িতে চলছে উদ্দাম পার্টি সং। তারস্বরে বাজছে গাড়ির সাউন্ডবক্স। সেই সঙ্গে চলছে ইনস্টাগ্রাম রিল বানানো। বন্ধুর হাতে ক্যামেরা। আর চালক গানের তালে তালে মাথা দোলাচ্ছেন। মুহূর্তের অসতর্কতায় ভয়াবহ দুর্ঘটনা। সরাসরি গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারের উপরে থাকা ল্যাম্পপোস্টে। উল্টো দিকের ফ্ল্যাঙ্কে উল্টে পড়ে ল্যাম্পপোস্ট। তিনবার পাল্টি খেয়ে উল্টে যায় গাড়িটি। পুলিস মনে করছে, বৃহস্পতিবার সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম কারণ গাড়ি চালানোর সময় ইনস্টাগ্রাম রিল বানানো। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চালককে ফের প্রগতি ময়দান থানায় ডেকে পাঠানো হতে পারে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।  


বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মা ফ্লাইওভারের পার্ক সার্কাস থেকে বাইপাসগামী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনাটি ঘটে। একটি এসইউভি গাড়ি সায়েন্স সিটির সামনে তীব্র গতিতে বাঁক নেয়। সেই সময় নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। সরাসরি ডিভাইডারের পোস্টে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কা মারার পর গাড়িটি পাল্টি খেয়ে প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানা ও তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস। খবর দেওয়া হয় রেকার ভ্যানকে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি আটক করে প্রগতি ময়দান থানা নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মা ফ্লাইওভারের সংশ্লিষ্ট ফ্ল্যাঙ্কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। 


এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিস। চালকের নাম, পরিচয় সংগ্রহ করা হয়। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটেই চাঞ্চল্যকর ভিডিওটি হাতে আসে তদন্তকারীদের। দেখা যায়, ‘লাইভ অ্যাক্সিডেন্ট-এর একটি ভিডিও রয়েছে ওই যুবকের পোস্টে। সেটি দেখার পরই স্পষ্ট হয় দুর্ঘটনার কারণ। দেখা যায়, চশমা পরে উদ্দাম গতিতে গাড়ি চালাচ্ছিলেন যুবক। সোশ্যাল মিডিয়ায় আসক্ত ওই যুবকের একাধিক ভিডিও রয়েছে প্রোফাইলে। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি গাড়িই চালান ভিডিও করতে করতে। এই দুর্ঘটনার ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলছেন, বাইপাসের ওই নির্দিষ্ট অংশে যাওয়ার সময় অনেকেই গাড়ি বা বাইক থেকে পাশের বিলাসবহুল হোটেলগুলি ক্যামেরাবন্দি করেন। সেই সময়েই অন্যমনস্কতায় দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন