এই হারের জন্য আনোয়ারদের কাছে জবাবদিহি চাওয়া উচিত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এই হারের জন্য আনোয়ারদের কাছে জবাবদিহি চাওয়া উচিত

এই হারের জন্য আনোয়ারদের কাছে জবাবদিহি চাওয়া উচিত

 কলকাতা:  গর্বের মশাল জ্বলছে ১০৫ বছর ধরে। কিন্তু গত কয়েকটি মরশুম ইস্ট বেঙ্গল যথেষ্ট বিবর্ণ। ছন্নছাড়াও বটে। ডুরান্ড কাপ, আইএসএল ও এএফসি চ্যালেঞ্জ লিগে আগেই লজ্জায় ডুবেছিল আনোয়ার-হেক্টররা। এবার সুপার কাপেও বোধনেই বিসর্জন! রক্ষণ থেকে আপফ্রন্ট—প্রতিটি বিভাগেই একগাদা অযোগ্য ফুটবলারের ভিড়। দুটো পাস ঠিকঠাক বাড়াতে পারে না। অথচ হাবভাব দেখলে চোখ কপালে উঠবে। একগাদা টাকা নিয়ে খেলে। কিন্তু বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। ম্যাচের পর ম্যাচ হেরেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। কানে হেডফোন গুঁজে অনুশীলনে আসে, যায়। প্র্যাকটিসে নাকি আবার তাদের আড়াল করার জন্য বিশেষ নিরাপত্তারক্ষী থাকে। ভাবা যায়! আমাদের সময় অনুশীলন দেখার জন্য মাঠে শয়ে শয়ে সমর্থক ভিড় করতেন। অথচ এখন তাঁরাই প্রিয় দলের প্র্যাকটিস দেখা থেকে বঞ্চিত। তাই ফুটবলাররা ম্যাচ হারলেও, তাদের কাছে জবাবদিহি চাওয়ার মতো কেউ নেই। কর্তাদের কাছে অনুরোধ, বাংলার ফুটবলের স্বার্থে এবার অন্তত ঘুরে দাঁড়ান। লাল-হলুদ জার্সির ওজন ফুটবলারদের বোঝান। মরশুম জুড়ে হতশ্রী পারফরম্যান্সের জন্য ফুটবলারের কাছে জবাবদিহি চান।


ফুটবলারদের পাশাপাশি কোচ ও কর্তারা এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না। গত কয়েক মরশুমের তুলনায় এবারের ইস্ট বেঙ্গলে দল খাতায় কলমে যথেষ্ট শক্তিশালী। তবে পারফরম্যান্সে তার প্রতিফলন কোথায়? তারউপর মাধি তালালের মতো ফুটবলার চোট পাওয়ার পর তার বদলি আনতে এত দেরি কেন? একাধিক উইঙ্গার থাকা সত্ত্বেও রিচার্ড সেলিসকে কার পরামর্শে দলে নেওয়া হল? এবার এই অপ্রিয় প্রশ্নগুলির জবাব চাওয়ার সময় এসেছে। শুনেছি, ফুটবলার রিক্রুট করে চোখে চশমা আঁটা এক ছোকরা। তার বেতন শুনলে আঁতকে উঠতে হয়। কী কাজ সিটিও’র? নতুন করে থংবই সিংটোকে আবার দলের সঙ্গে জুড়ে দিয়েছে বিনিয়োগকারী সংস্থা। সে নাকি এবার থেকে ফুটবলার নিয়োগের দায়িত্ব সামলাবে। কিন্তু তাতে কি আলোর পথে ফিরবে আমাদের গর্বের ইস্ট বেঙ্গল? আমার মনে হয়,  খোলনলচে না বদলালে ঘুরে দাঁড়ানো মুশকিল। তার জন্য প্রয়োজন যোগ্য লোকের হাতে দায়িত্ব তুলে দেওয়া। ক্লাবে বারপুজোয় পুরোহিত বদল হয়েছে। কিন্তু  সাফল্যের জন্য প্রয়োজন ফুটবলার বদলের। অতীতে চিমা, মুসা, ওকেরো, ডগলাস, জুনিয়র, ইয়াকুবুর মতো বিদেশিরা লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছে। তখন তো কোনও সিটিও বা সিইও’র প্রয়োজন পড়ত না। ক্লাব অফিসিয়ালরাই দল গড়তেন। এখন তো তাঁদের মতামতই শোনা হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন