গাজায় হামলা ইজরায়েলের, মহিলা ও শিশু সহ হত ৪৪ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গাজায় হামলা ইজরায়েলের, মহিলা ও শিশু সহ হত ৪৪




গাজা: শিশুর রক্তাক্ত নিথর দেহ। আর তা কোলে নিয়ে মাথা চাপড়ে কাঁদছে বাবা। ইজরায়েলের বিমান হানার পর সামনে এসেছে এমনই মর্মান্তিক দৃশ্য। ফের লাশের পাহাড় গাজাজুড়ে। মহিলা ও শিশু সহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। রবিবারই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকায় উড়ে গিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্রের খবর, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার মূল বিষয়ই হবে গাজায় আগ্রাসন নিয়ে ইজরায়েলের অবস্থান। তার আগেই আরও একবার রক্তাক্ত গাজা। 


ভয়াবহ ওই হামলার পর গাজার দেইর আল-বালা নগরের নানা প্রান্তের ছবি ও ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সাদা কাপড়ে মুড়ে সন্তানের দেহ আগলে হাসপাতালে বসে রয়েছেন বাবা। শেষকৃত্যের অপেক্ষায়। এমন ছবি গাজা স্ট্রিপের দক্ষিণ প্রান্তের খান ইউনিসেও। সেখানে নাসের হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ওই এলাকায় ইজরয়েলি হানায় পাঁচ পুরুষ, পাঁচ মহিলা ও পাঁচ শিশুর প্রাণ গিয়েছে। মহিলাদের মধ্যে রয়েছেন এক সাংবাদিক। তাঁর মা শোকবিহ্বল আমাল কাসকিন কথা বলতে গিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, ‘আমার মেয়ে নিরপরাধ ছিল। যুদ্ধে তাঁর কোনওকিছুই করার ছিল না। সাংবাদিকতার নেশাই তার প্রাণ কেড়ে নিল।’ রাতভর হানায় বেশ কয়েক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা শহরে একটি বেকারির বাইরে ছ’জন নিহত। তাদের মধ্যে তিন শিশু রয়েছে। এদিকে, এই ভয়ানক হামলায় আমেরিকার হাত রয়েছে বলে হামাসের দাবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন