নয়াদিল্লি: টানা দু’টি ম্যাচ জয়ের পর ধাক্কা খেয়েছে পাঞ্জাব কিংস। শনিবার প্রীতি জিন্টার দলকে বশ মানিয়েছে রাজস্থান রয়্যালস। তবে মরশুমের প্রথম হার নিয়ে খুব একটা চিন্তিত নন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। ম্যাচের পর তাঁর মন্তব্য, ‘খেলায় হার-জিত তো থাকবেই। বরং আমি খুশি যে, শুরুতেই হারের ফাঁড়াটা কেটে গিয়েছে। এটা আমাদের কাছে জেগে ওঠার বার্তা। ভুলত্রুটি শুধরে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে নামব।’
শনিবার পাঞ্জাবের ঘরের মাঠ মুল্লানপুরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৫ রান তুলেছিল রাজস্থান। জবাবে কোনওক্রমে দেড়শোর গণ্ডি টপকায় পাঞ্জাব। শ্রেয়সের বিশ্লেষণ, ‘এই উইকেটে ১৮০-১৮৫ রান উঠবে ভেবেছিলাম। কিন্তু আমরা ২০ রান বেশি খরচ করে ফেলেছি। তাছাড়া ম্যাচে পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন হয়নি। অবশ্য চিন্তার কিছু নেই। ছেলেদের উপর ভরসা রয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে পরের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া প্রত্যেকে।’ উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে ছন্দপতন ঘটেছে শ্রেয়সেরও। প্রথম দুই ম্যাচে তাঁকে আউটই করতে পারেনি বিপক্ষ দল। গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংসের পর লখনউয়ের বিপক্ষেও ঝকঝকে অর্ধশতরান হাঁকান তারকা ব্যাটার (অপরাজিত ৫২)। তবে শনিবার তাঁর ব্যাট থেকে ১০ রানের বেশি আসেনি। শুধু শ্রেয়স একা নন, রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবের পুরো টপ অর্ডারই সুপার ফ্লপ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন