নয়াদিল্লি: কলকাতা মেট্রোতেও এবার কার্যকর হতে চলেছে ‘কবচ’ প্রযুক্তি। শুক্রবার এমনই ইঙ্গিত দিয়েছে রেলমন্ত্রক। তবে শুধুই কলকাতা মেট্রো নয়, দেশের সবক’টি শহর-শহরতলির লোকাল ট্রেনেও দুর্ঘটনারোধী ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক। স্বাভাবিকভাবেই এর আওতায় আসবে কলকাতা এবং শহরতলির লোকাল ট্রেন পরিষেবাও। সার্বিক বিষয়টিকেই উল্লেখযোগ্য বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। তাঁদের মতে, এর ফলে শুধুই দূরপাল্লার যাত্রীরাই নন, সুরক্ষা এবং নিরাপত্তায় এবার নজর দেওয়া হচ্ছে লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের দিকেও। বাংলা সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন আম জনতার মন জয়ই লক্ষ্য মোদি সরকারের।
দূরপাল্লার সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনে এখনও পর্যন্ত ‘কবচ’ প্রযুক্তি রূপায়ণের কাজ সম্পূর্ণ করতে পারেনি মন্ত্রক। রেল বোর্ডের তথ্যই বলছে, দক্ষিণ-মধ্য রেলের মাত্র দেড় হাজার কিলোমিটার অংশে ‘কবচ’ প্রযুক্তির কাজ শেষ হয়েছে। এই অবস্থায় ‘কবচ ৪.০’ পেরিয়ে ‘কবচ ৫.০’ প্রযুক্তি রূপায়ণের ঘোষণা কতটা যুক্তিগ্রাহ্য, সেই প্রশ্ন উঠছেই। বাংলার ক্ষেত্রে দিল্লি-কলকাতা রেল রুটকে ‘কবচ’ সুরক্ষিত করার বিষয়ে ইতিপূর্বে ঘোষণা করেছে মন্ত্রক।
শুক্রবার মুম্বইয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘কবচ’ প্রযুক্তি নিয়ে মহারাষ্ট্র সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা করেছেন। এর পরেই কলকাতা মেট্রো এবং লোকাল ট্রেনকে ‘কবচ’ প্রযুক্তিতে মুড়ে দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে রেল বোর্ডের শীর্ষ সূত্রে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্রযুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন, এই মুহূর্তে দু’টো ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান ১৮০ সেকেন্ড, অর্থাৎ তিন মিনিট রাখতেই হয়। ‘কবচ ৫.০’ প্রযুক্তি কার্যকর হলে সময়ের এই ব্যবধান অন্তত ৩০ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব হবে। অর্থাৎ আরও ৩০ শতাংশ বেশি ট্রেন চালানো সম্ভব হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন