বার্সেলোনা- ৩ : রিয়াল মাদ্রিদ- ২
(পেড্রি, তোরেস, কৌন্দে) (এমবাপে, চৌমেনি)
সেভিয়া: চলতি মরশুমে এল ক্লাসিকোয়
বার্সেলোনার দাপট অব্যাহত। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের পর কোপা ডেল
রে’তেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টেক্কা দিল কাতালন ক্লাবটি।
সেভিয়ায় আয়োজিত ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে এমবাপেদের ৩-২ গোলে হারাল হান্স
ফ্লিকের ছেলেরা। সেই সঙ্গে চলতি মরশুমে দ্বিতীয় খেতাব ঘরে তুলল তারা।
উল্লেখ্য, বছরের শুরুতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালকে ৫-২
ব্যবধানে দুরমুশ করে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। আর শনিবার তাদের হয়ে জাল
কাঁপান যথাক্রমে পেড্রি, ফেরান তোরেস ও জুলেস কৌন্দে। রিয়ালের দুই গোলদাতা
কিলিয়ান এমবাপে ও চৌমেনি।
ম্যাচের ২৪ ঘণ্টা আগে রেফারির বিরুদ্ধে তোপ
দেগে ঘৃণ্য চাপের খেলা খেলতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ, যা অনেকটাই কাজে দেয়।
ম্যাচে একাধিকবার রাফ ট্যাকল করেও রেহাই পান রুডিগার-সেবালসরা। এমনকী,
দ্বিতীয়ার্ধে সংযোজিত সময়ে বার্সা পেনাল্টি পেলেও, ভারের সাহায্য নিয়ে তা
বাতিল করেন রেফারি। সেই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকতেই পারে বার্সেলোনা
শিবিরে। তবে ম্যাচের শেষলগ্নে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে যেভাবে
অখেলোয়াড়োচিত মনোভাবের পরিচয় দেন রিয়াল ফুটবলাররা, তা কখনওই কাম্য নয়।
রিজার্ভ বেঞ্চ থেকে রেফারির উদ্দেশে বরফ ছুড়ে মারার পাশাপাশি তেড়ে যান
রুডিগার। সঙ্গত কারণেই লাল কার্ড দেখেন এই জার্মান ডিফেন্ডার। তাঁর সঙ্গে
রেফারি নিগ্রহে তাল মিলিয়ে মার্চিং অর্ডার পেতে হয় লুকাস ভাসকুয়েজ ও জুড
বেলিংহ্যামকে।
চলতি মরশুমে প্রথম দু’টি সাক্ষাতে রিয়ালকে নিয়ে রীতিমতো
ছেলেখেলা করেছে বার্সেলানা। লা লিগায় প্রথম লেগে ৪-০ গোলে জয় পায় তারা।
তারপর স্প্যানিশ সুপার কাপে আরও বড় ব্যবধানে জয়। তবে শনিবার দলের
আপফ্রন্টের সেরা ভরসা রবার্ট লিওয়ানডস্কির অনুপস্থিতিতে কিছুটা হলেও কাজটা
কঠিন হয়ে দাঁড়ায় হান্স ফ্লিক-ব্রিগেডের। তা সত্ত্বেও লামিনে
ইয়ামাল-রাফিনহাদের রোখার মতো বারুদ যে এই রিয়াল দলে নেই, তা ম্যাচের
প্রথমার্ধেই স্পষ্ট হয়ে যায়। বার্সার পাসিং ফুটবলের সামনে কার্যত দিশাহারা
দেখায় ভালভার্দেদের। তারই ফলস্বরূপ, ২৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন পেড্রি।
বাঁ দিক থেকে ইয়ামালের পাস ধরে দুরন্ত প্লেসমেন্টে জাল কাঁপান তরুণ
স্প্যানিশ মিডিও (১-০)।
চোটের কারণে এদিন এমবাপেকে বেঞ্চে রেখেই দল
সাজিয়েছিলেন রিয়াল কোচ আনসেলোত্তি। তবে প্রথমার্ধে পিছিয়ে পড়তেই বিরতির পর
ফরাসি তারকাকে মাঠে নামান তিনি। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে এমবাপের
লক্ষ্যভেদেই সমতায় ফেরে রিয়াল (১-১)। এরপর ৭৭ মিনিটে কিছুটা খেলার গতির
বিপরীতে কর্নার থেকে ভাসানো ক্রসে চৌমেনির হেডে এগিয়ে যায় রিয়াল (২-১)। তবে
সাত মিনিটের মধ্যেই বার্সাকে সমতায় ফেরান তোরেস (২-২)। এক্ষেত্রেও তাঁকে
গোলের জন্য বল সাজিয়ে দেন ইয়ামাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে
দু’দলই রক্ষণ সংগঠনে জোর দেয়। মনে হচ্ছিল, পেনাল্টি শ্যুট-আউটেই নির্ধারিত
হবে খেতাবি লড়াইয়ের ফল। তবে ১১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জুলেস
কৌন্দের দুরন্ত গোলে ৩২তম কোপা ডেল রে খেতাব নিশ্চিত করে হান্স
ফ্লিক-ব্রিগেড (৩-২)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন