নয়াদিল্লি: আরও স্বচ্ছতা বৃদ্ধিই অন্যতম প্রধান লক্ষ্য। সেইমতোই এবার মুখ যাচাইয়ের মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) চালু করতে পারবেন ইপিএফ গ্রাহকরা। কর্মী প্রভিডেন্ট ফান্ডে চালু হচ্ছে ‘ফেস অথেনটিকেশন’ পদ্ধতি। ইপিএফওর আওতাভুক্ত সংশ্লিষ্ট সংস্থা-প্রতিষ্ঠান কর্তৃপক্ষও মুখ যাচাইয়ের মাধ্যমে তার কর্মচারীকে ইপিএফের আওতাভুক্ত করতে পারবেন। মঙ্গলবার শ্রমমন্ত্রক এই কথা জানিয়েছে। এদিন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে, এর ফলে কর্মী পিএফের যাবতীয় কাজকর্ম আরও বেশি স্বচ্ছ হবে এবং দুর্নীতির আশঙ্কা কমবে।
কারণ ‘ফেস অথেনটিকেশন’ চালু হলে ভুয়ো ইউএএন চালুর সম্ভাবনা প্রায় থাকবেই না। শুধুই ইউএএন কার্যকরই নয়। ইপিএফের অন্য অনলাইন কাজকর্মও এবার থেকে ফেস অথেনটিকেশনের মাধ্যমে সেরে ফেলা যাবে বলে শ্রমমন্ত্রক জানিয়েছে। আধার ফেস অথেনটিকেশন টেকনোলজির (এফএটি) মাধ্যমে সার্বিক প্রক্রিয়া সম্পন্ন হবে। মোবাইলে ‘উমঙ্গ’ অ্যাপের মাধ্যমেই এটি করা যাবে। প্রক্রিয়া সম্পন্ন হলে আধার তথ্যভাণ্ডারে নথিভুক্ত মোবাইল নম্বরেই এসএমএস পাবেন গ্রাহক। সংশ্লিষ্ট অ্যাপ অথবা মেম্বার পোর্টাল থেকেই ইউএএন কার্ড ডাউনলোড করা যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন