কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হল। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ আদালত এই আর্জি বাতিল করে। এই সিবিআই মামলায় পার্থকে নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা ও ষড়যন্ত্রকারী’ বলেও মন্তব্য করে কোর্ট। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এই ‘হাইপ্রোফাইল’ অভিযুক্তের জামিন হয়। এদিন জামিন নাকচ হওয়ায় পার্থকে জেলেই কাটাতে হবে।
তাঁর কৌঁসুলি বিপ্লব গোস্বামী বলেন, ‘একই মামলায় এর আগে একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। তবে আদালতের সিদ্ধান্ত নিয়ে আমাদের বলার কিছু নেই।’ জামিনের আর্জি নিয়ে কয়েক দফায় শুনানি চলে। অবশেষে আর্জি খারিজ হল। শুনানি চলাকালে পার্থর আইনজীবী আদালতে বারবার দাবি করেন যে, তাঁর মক্কেল অসুস্থ। তাঁকে জেলে রেখেও কোনোরকম জেরা করা হয়নি। তাঁর বিরুদ্ধে জোরালো তথ্য‑প্রমাণও মেলেনি। যদিও তার বিরোধিতা করে সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয়। তাতে পার্থর নাম এবং দুর্নীতি কীভাবে হয়েছে, রয়েছে তার সবিস্তার উল্লেখ। তাই পার্থ দায়িত্ব এড়াতে পারেন না। আদালত সূত্রে জানা গিয়েছে, ইডির মামলায় ২০২২-এ পার্থকে গ্রেপ্তার করা হয়। আর সিবিআই তাঁকে গ্রেপ্তার করে গত অক্টোবরে। এই মামলায় মোট ১১ জন অভিযুক্ত। তাদের মধ্যে শর্তসাপেক্ষে আটজন জামিন পেয়েছে। এদিন জামিন বাতিল হল পার্থর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন