বিধানসভা ভোটের আগে ফের জোট বিজেপির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিধানসভা ভোটের আগে ফের জোট বিজেপির






চেন্নাই: তামিল-ভূমে বিজেপিকে নিজের পায়ে দাঁড় করাতে সক্রিয় হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘুরেছেন মন্দিরে-মন্দিরে।  তামিল জনতার মন পেতে নতুন সংসদ ভবনে সেঙ্গল প্রতিষ্ঠা করেছেন। ধ্যান করেছেন বিবেকানন্দ রকে। কিন্তু শেষ পর্যন্ত হালে পানি জুটল না। জোট ভাঙার দু’বছর পর ফের সেই এআইএডিএমকেরই হাত ধরল বিজেপি। 

শুক্রবার বিকেলে চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, আগামী বছর তামিলনাড়ুতে এআইএডিএমকে সঙ্গে জোট করেই বিধানসভা ভোটে লড়বে বিজেপি। শুধু তাই নয়,  জানিয়ে দিলেন লড়াই হবে এআইএডিএমকে নেতা ই কে পালানিস্বামীকেই মুখ করে। অর্থাৎ বিজেপি নয়, তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে-কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেতৃত্ব দেবে প্রয়াত জয়ললিতার দলই। ঘটনাচক্রে, অমিত শাহ এদিন জোট ঘোষণা করেছেন তামিলনাড়ুর বিদায়ী বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের উপস্থিতিতেই। তাঁর জায়গায় বিজেপির নয়া রাজ্য সভাপতি হয়েছেন নাইনার নগেন্দ্রন। রাজনৈতিক মহলে জল্পনা, এআইএডিএমকের চক্ষুশূল হওয়াতেই জোট ঘোষণার আগে রাজ্য সভাপতি পদে আন্নামালাইয়ের মেয়াদ আর বাড়াতে চায়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে সমালোচনা ঠেকাতে আন্নামাইয়ের মাধ্যমেই নয়া সভাপতি নগেন্দ্রনের নাম প্রস্তাব করানো হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির নয়া রাজ্য সভাপতি তথা তিরুনেলভেলির তিনবারের বিধায়ক নগেন্দ্রন অতীতে এআইএডিএমকেতে ছিলেন।


এআইএডিএমকে শীর্ষ নেতৃত্ব ও বিজেপি রাজ্য নেতাদের উপস্থিতিতেই এদিন জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, এআইএডিএমকের কোনও শর্ত বা দাবিদাওয়া ছিল না। আর আমরাও ওদের অভ্যন্তরীণ কোনও বিষয়ে হস্তক্ষেপ করব না। এই জোটের ফলে দু’পক্ষই লাভবান হবে। এআইএডিএমকে বিজেপির ‘স্বাভাবিক সহযোগী’ বলে মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ ঘোষণা, বিধানসভা ভোটের লড়াইয়ে মুখ হবেন শরিক দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। শাহ বলেন, জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুতে পালানিস্বামীর নেতৃত্বে ভোটে লড়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন