ইসলামাবাদ: ‘ভারত-বিরোধী বক্তব্য এড়িয়ে চলতে হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা ভাই শাহবাজ শরিফকে এমনই পরামর্শ দিলেন নওয়াজ শরিফ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, দুই দেশের মধ্যে সংঘাত কূটনৈতিকভাবেই মেটানো সম্ভব। পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা করেছে ভারত। পাল্টা একই পথে হেঁটেছে পাকিস্তানও। শাহবাজ সরকারের একাধিক মন্ত্রীর মুখেও ক্রমাগত ‘ভারত-বিরোধী’ মন্তব্য শোনা গিয়েছে। দেওয়া হয়েছে পরমাণু হামলার হুমকিও। এই পরিস্থিতিতেই নওয়াজের সংযত থাকার বার্তা সামনে এল।
ভারত
সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তানের জাতীয়
সুরক্ষা কমিটি আলোচনায় বসে। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে রবিবার
নওয়াজকে অবহিত করেন শাহবাজ। লাহোরে শরিফ পরিবারের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে
নওয়াজ ভাইকে জানান, সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশেই
ভারত-পাকিস্তানের মধ্যে জটিলতা মেটানো সম্ভব। সূত্র মারফৎ জানা গিয়েছে,
নওয়াজ চাইছেন দুই দেশ আরও কাছাকাছি আসুক। শাহবাজ যেন কূটনৈতিক পথে বর্তমান
সমস্যার সমাধান করেন। এর জন্য তিনি মন্ত্রী ও শাসক জোটের নেতাদের
ভারত-বিরোধী বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন, পহেলগাঁওতে হামলার পিছনে ভারতেরই হাত রয়েছে। এই ঘটনার মাধ্যমে দিল্লি কাশ্মীরে সংকট তৈরি চাইছে বলেও অভিযোগ ছিল তাঁর। কাশ্মীর নিয়ে ‘অল-আউট’ যুদ্ধের কথাও শোনা গিয়েছিল আসিফের মুখে। গত সপ্তাহে বিলাবল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি সিন্ধু চুক্তি স্থগিত করে দেয়, তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। এসবের মধ্যেই আপাতত ‘শান্তির বার্তা’ই শোনা গেল নওয়াজের মুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন