নাশকতার ছক আইএসআইয়ের স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কতা পুলিসকে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নাশকতার ছক আইএসআইয়ের স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কতা পুলিসকে

 


 বহরমপুর: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে নাশকতা ঘটাতে পারে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এমনই অভ্যন্তরীণ রিপোর্ট পেয়ে ঘুম উড়েছে মুর্শিদাবাদ জেলা পুলিসের। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতে নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করতে পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইএসআই সহযোগিতা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কোথায় কোথায় নাশকতা ঘটাতে পারে, তারও একটি ব্লু-প্রিন্ট তৈরি করেছে জঙ্গি সংগঠনগুলি। সেক্ষেত্রে, দেশের বড় কোনও স্থাপত্য বা পরিকাঠামোর উপর তাদের যেমন নজর রয়েছে, তেমনই ‘সফট টার্গেট’ হিসেবে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে গোলমাল বাঁধানোর পরিকল্পনা রয়েছে। তাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে আঞ্চলিক ক্ষোভ-বিক্ষোভকে। সব মিলিয়ে পাক গুপ্তচর সংস্থার মূল লক্ষ্যই হল, ভারতে অঞ্চল ভিত্তিক অচলাবস্থা তৈরি করে চরম আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো। রিপোর্ট পেয়েই সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের গোয়েন্দা দপ্তরও। 


সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই রিপোর্ট প্রতিটি জেলার পুলিস সুপারকে পাঠানো হয়েছে। পুলিস কমিশনারদেরও পাঠানো হয়েছে। পত্রপাঠ নড়েচড়ে বসেছেন পুলিসের শীর্ষ কর্তারা। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে বলে খবর। এলাকা ভিত্তিক সাম্প্রদায়িক সমস্যা ও হিংসাত্মক ঘটনার অতীত নিয়েও নাড়াচাড়া শুরু করেছেন গোয়েন্দারা। জোর দেওয়া হচ্ছে তথ্য সংগ্রহে। রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড় সমন্বয় রেখে তা করবে বলে জানা গিয়েছে।  


সম্প্রতি ওয়াকফ বিলের প্রতিবাদে বিভিন্ন এলাকায় মিটিং, মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। এইসব আয়োজনের উদ্যোক্তাদের ভুল পথে চালিত করে হিংসাত্মক ঘটনা ঘটানোর ছক রয়েছে আইএসআইয়ের। ফলে, এই সব কর্মসূচির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় পুলিসকে। 


রাজ্যের এক গোয়েন্দা আধিকাররিক জানিয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার রিপোর্ট অনুসারে, আইএসআই এবং তাদের সহযোগীরা ভারতের মাটিতে সন্ত্রাস বা নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে পারে। ক’দিন আগেই সেই অ্যালার্ট তাঁরা পেয়েছেন। ইতিমধ্যেই জঙ্গি সংগঠনগুলির সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হচ্ছে। সেই মতো নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে সন্ত্রাসবাদী হামলার প্রাথমিক জমিও তৈরি করতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। সেই মতো এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন