হেরোইন সহ ধৃত বরখাস্ত পাঞ্জাবের ‘ইনফ্লুয়েন্সার’ পুলিস কনস্টেবল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

হেরোইন সহ ধৃত বরখাস্ত পাঞ্জাবের ‘ইনফ্লুয়েন্সার’ পুলিস কনস্টেবল



চণ্ডীগড়: পরনে পুলিসের উর্দি। সানগ্লাস ও ফ্যান্সি ওয়াচ পরে গাড়িতে বসে জনপ্রিয় পাঞ্জাবি গানে পারফর্ম করছেন। তিনি আমনদীপ কাউর। পাঞ্জাব পুলিসের কনস্টেবল। তাঁর লাইফস্টাইল নজর কাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। শুক্রবার তাঁকেই বরখাস্ত করল পাঞ্জাব পুলিস। বৃহস্পতিবার প্রায় ১৮ গ্রাম হেরোইন সহ ধরা পড়েন তিনি। তারপরই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পাঞ্জাব পুলিসের ডিজিপি নির্দেশ দিয়েছেন, পুলিসের উর্দি পরে কোনওরকম ফ্যাশন সংক্রান্ত কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। 

গত বৃহস্পতিবার গোপন সূত্র মারফৎ খবর পেয়ে মাদক বিরোধী যৌথ অভিযানে নামে পুলিস ও অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। ভাতিন্ডার বাদল ফ্লাইওভারের কাছে আমনদীপের এসইউভি থামানো হয়। গাড়ির ভিতর থেকে প্রায় ১৭.৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। হেরোইন সহ গ্রেপ্তার করা হয় তাঁকে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাঁর বিরুদ্ধে মামলা চলছে। 

এর আগে একাধিকবার আমনদীপের জীবনযাত্রা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গুরমিত কাউর নামক জনৈক ব্যক্তি অভিযোগ করেছিলেন, অ্যাম্বুলেন্স করে মাদকদ্রব্য বিক্রি করেন তিনি। গুরমিতের দাবি ছিল, আমনদীপ বলবিন্দর সিংয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকেন। একটি অ্যাম্বুলেন্স রয়েছে বলবিন্দরের। সেটির মাধ্যমেই হেরোইন বিক্রি করতেন তাঁরা। পুলিসকে এই তথ্য দেওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সদ্য গোপন সূত্র মারফত আমনদীপের বিরুদ্ধে তথ্য পায় পুলিস। তিনি কোথা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করতেন ও সেগুলিকে কোথায় পাচার করতেন, তার খোঁজ চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন