কলকাতা: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে মুলতুবি হয়ে গেল পার্ক স্ট্রিট গণর্ধষণ মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি। শুক্রবার কলকাতার বিচার ভবনের ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি ছিল। মামলার সহকারী সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তী শনিবার এই খবর জানিয়ে বলেন, ‘সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির ওপর দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়। সেই কারণে এই আদালতে মামলার সওয়ালপর্ব মুলতুবি রাখা হয়।’
আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৪ মে। ইতিমধ্যে এই মামলায় মোট ৪৭জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার ছিল এই মামলায় সরকার পক্ষের সওয়াল-জবাব। কিন্তু ইতিমধ্যে এই মামলায় কিছু আইনি প্রশ্নে সর্বোচ্চ আদালতে যায় সরকারপক্ষ। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় নিম্ন আদালতে এই শুনানি পিছিয়ে যায়। এই মামলার প্রথম পর্যায়ের অভিযুক্তরা সাজাপ্রাপ্ত হওয়ার পর পরবর্তী সময় ধরা পড়ে কাদের খান সহ দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পর শুরু হয় মূল মামলার বিচার।
সেই মামলা শুরু হওয়ার আগেই মামলার অভিযোগকারিণী মারা যান। ফলে তাঁকে বাদ দিয়েই শুরু হয় অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। সেই আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। ইতিমধ্যে দুই অভিযুক্ত একাধিকবার আদালতে জামিনের আর্জি জানিয়ে ছিল। কিন্তু মামলার গুরুত্ব অনুধাবন করে আদালত সেই আবেদন নাকচ করে দেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন