নয়াদিল্লি: পতঞ্জলির শরবতের সমস্ত বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হবে। সমালোচনার মুখে পড়ে দিল্লি হাইকোর্টে একথা জানালেন যোগগুরু রামদেব। সম্প্রতি পতঞ্জলির নতুন শরবত বাজারে আনে। সেই পণ্যের প্রচারের সময় রামদেব দাবি করেন, আর এক নামী শরবত প্রস্ততকারক সংস্থা তাদের লভ্যাংশ মাদ্রাসা ও মসজিদ তৈরির জন্য খরচ করে। বিষয়টিকে ‘শরবত জিহাদ’ আখ্যা দেন যোগগুরু। এই নিয়ে হাইকোর্টে রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা। যদিও রামদেবের বক্তব্য ছিল, তিনি কোনও সংস্থার নাম নেননি। মামলাকারী সংস্থার তরফে আইনজীবী মুকুল রোহতাগি ও সন্দীপ সেথি আদালতে দাবি করেন, এটি ঘৃণা ভাষণের থেকেও বড় বিষয়। বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে।
শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি অমিত বনসল জানান, এই ঘটনা আদালতের বিবেককেও নাড়িয়ে দিয়েছে। এমন মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয়। রামদেব তাঁর বক্তব্য না জানালে আদালত কড়া নির্দেশ দিতে বাধ্য হবে। এর কিছুক্ষণ পরেই আইনজীবীর মাধ্যমে যোগগুরু জানান, তাঁরা দ্রুত সমস্ত বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন। সমাজ মাধ্যমের পোস্টও মুছে দেওয়া হবে। এরপর আদালত বলে, ভবিষ্যতেও এমন বিবৃতি বা বিজ্ঞাপন প্রকাশ করা হবে না জানিয়ে পাঁচ দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে। ১ মে ফের এই মামলার শুনানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন